রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন




সালমান এফ রহমানসহ তিনজনকে পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৩০ জুলাই, ২০২৫ ৪:৫১ pm
salman f rahman Private Industry and Investment Adviser to Honorable Prime Minister Sheikh Hasina সালমান ফজলুর রহমান সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা
file pic

পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তার ছেলে আহমেদ সায়হান ফজলুর রহমান এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত ইসলামকে আজীবনের জন্য দেশের শেয়ারবাজোরে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।

একইসঙ্গে সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা ও তার ছেলেকে ৫০ কোটি টাকা অর্থদন্ডে দণ্ডিত করা হয়েছে।

বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার বিএসইসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, বিভিন্ন বিজ্ঞাপনে বন্ডের নাম হিসেবে ‘আইএফআইসি আমার বন্ড’ নামটি ব্যবহারের মাধ্যমে বিনিয়োগে আকৃষ্ট করে ‘আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিণ জিরো ক্যুপন বন্ড’ এর মাধ্যমে টাকা করে বিনিয়োগকারীদের প্রতারিত করার কারণে- আইএফআইসি ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা অর্থদন্ডে দন্ডিত করার এবং পুঁজিবাজারে আজীবন অবাঞ্চিত ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

পাশাপাশি, ব্যাংকের তৎকালীন ভাইস-চেয়ারম্যান আহমেদ শায়ান রহমান কে ৫০ কোটি টাকা অর্থদন্ডে দন্ডিত করার এবং পুঁজিবাজারে আজীবন অবাঞ্চিত)ঘোষণা করার সিদ্ধান্ত নেয় কমিশন।

এছাড়াও, আইএফআইসি ইনভেস্টমেন্টের তৎকালীন সিইও ইমরান আহমেদ কে ৫ বছরের জন্য পুঁজিবাজার সংক্রান্ত সকল ধরণের কাজে নিষিদ্ধ, আইএফআইসি ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ার এর বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম গ্রহণ ও আইএফআইসি ব্যাংককে সতর্কীকরণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

বন্ডটিকে ক্রেডিট রেটিং প্রদানকারী হিসেবে এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডকে ১০ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

পুঁজিবাজারের এই নিয়ন্ত্রন সংস্থা ব্যাংকের তৎকালীন মনোনীত পরিচালক এআরএম নাজমুস সাকিব, মো. গোলাম মোস্তফা, মো. জাফর ইকবাল, এনডিসি ও কামরুন নাহার আহমেদ এবং তৎকালীন স্বতন্ত্র পরিচালক সুধাংশু সরকার বিশ্বাস কে করারও সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এই ঘটনায় বিএসইসির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আজীবন এবং তৎকালীন কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদকে ৫ বছরের জন্য পুঁজিবাজারে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।

উল্লেখ, শ্রীপুর টাউনশিপের এর উপর উল্লেখিত ‘পুঁজিবাজার অনুসদ্ধান ও তদন্ত কমিটি’ কর্তৃক পরিচালিত অনুসন্ধান ও তদন্তের অতিরিক্ত কমিশন কর্তৃক তদন্ত পূর্বক Sreepur Township Ltd এর ‘IFIC Guaranteed Sreepur Township Green Zero Coupon Bond’ সংশ্লিষ্ট অনিয়ম ও বিধিবিধান ভঙ্গের সাথে জড়িত সকলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ, ‘আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিণ জিরো ক্যুপন বন্ড’

শীর্ষক ১৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের ও ১০০০ কোটি টাকা ইস্যু মূল্যের বন্ড ৪ জুন ২০২৩ তারিখে ৮৭১ তম কমিশন সভায় অনুমোদিত হয়েছিল। ১২ জুলাই ২০২৩ তারিখে উহার সম্মতি পত্র ইস্যু করা হয়েছিল। উক্ত বন্ডটির ইস্যুয়ার ছিল শ্রীপুর টাউনশিপ লিমিটেড যা ২ মার্চ ২০২৩ তারিখে নিগমিত (incorporated) একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। কোম্পানিটি নিগমিত হওয়ার পরপরই ১১ এপ্রিল ২০২৩ তারিখে উক্ত বন্ড ইস্যুর আবেদন করেছিল। উক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন (authorised capital) ছিল ৫০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন (paid up capital) ছিল ৩৩৫ কোটি টাকা যার মধ্যে মাত্র ৪ দিনের ব্যবধানে ২৪৮ কোটি টাকার নগদ অর্থ ভূমি ক্রয়/উন্নয়ন সংক্রান্ত কারণে উত্তোলন করা হয়েছিল যেটি কমিশনের কাছে প্রশ্নবিদ্ধ ছিল। এছাড়াও উক্ত বন্ডটির জামিনদার (guarantor) হিসেবে IFIC Bank PLC, Adviser & Arranger হিসেবে IFIC Investments Ltd, Trustee হিসেবে সন্ধানী লাইফ ইন্সুরেন্স লিমিটেড, ক্রেডিট রেটিং প্রদানকারী হিসেবে Emerging Credit Rating Ltd (ECRL), নিরীক্ষক হিসেবে M.J. Abedin & Co., Chartered Accountants দায়িত্ব পালন করেছে। IFIC Bank PLC উক্ত বন্ড ইস্যু করেনি, মূলত রিয়েল এস্টেট কোম্পানি Sreepur Township Ltd (এসটিএল) উক্ত বন্ডের মাধ্যমে টাকা উত্তোলন করেছে। কিন্তু বিভিন্ন বিজ্ঞাপনে বন্ডের নাম হিসেবে ‘আইএফআইসি আমার বন্ড’ নামটি ব্যবহার করা হয়েছে। যা বিনিয়োগকারীকে ধারণা দেয় যে, এ বন্ড IFIC Bank PLC ইস্যু করেছে; কিন্তু IFIC Bank PLC ছিল মূলত বন্ডটির জামিনদার (guarantor)।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের (বেক্সিমকো) ৩ হাজার কোটি টাকার ৫ বছর মেয়াদি বেক্সিমকো সিকিউর্ড কনভার্টিবল অর রিডিমেবল অ্যাসেট-ব্যাকড গ্রীন সুকুকের প্রস্তাব ২৩ জুন, ২০২১ তারিখে অনুষ্ঠিত কমিশনের ৭৭৯ তম কমিশন সভায় অনুমোদিত হয়।

প্রস্তাবিত গ্রীন সুকুকটি ২ হাজার ২৫০ কোটি প্রাইভেট প্লেসমেন্ট (৭৫০ কোটি বিদ্যমান শেয়ার হোল্ডারদের নিকট হতে এবং ১ হাজার ৫০০ কোটি বিদ্যমান শেয়ার হোল্ডারদের ব্যতীত অন্যান্য বিনিয়োগকারীদের নিকট হতে) এর মাধ্যমে এবং ৭৫০ কোটি প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে ইস্যুর জন্য অনুমোদিত হয়।স্টক ব্রোকারেজ পরিষেবা

উক্ত সুকুকের মাধ্যমে উত্তোলিত অর্থ বেক্সিমকো লিমিটেড এর টেক্সটাইল ইউনিটের কার্যক্রম বর্ধিতকরণ এবং উহার দুইটি সাবসিডিয়ারি নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন প্রকল্প: তিস্তা সোলার লিমিটেড ও করতোয়া সোলার লিমিটেডে ব্যবহার করে পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণের কথা ছিল। উক্ত সুকুকের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ছিল ১০০ টাকা এবং ন্যূনতম সাবসক্রিপশন মূল্য ছিল ৫ হাজার টাকা।

উক্ত সুকুকের অরিজিনেটর হিসেবে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো), ইস্যুয়ার বা ট্রাস্ট/এসপিভি হিসেবে বেক্সিমকো গ্রীন সুকুক আল-ইস্তিসনা’আ, ট্রাস্ট্রি হিসেবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, ইস্যু ম্যানেজার হিসেবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড ও অগ্রণী ইকুইটি অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, নিরীক্ষক হিসেবে এম. জে. আবেদিন অ্যান্ড কো., চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এবং ক্রেডিট রেটিং প্রদানকারী হিসেবে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) দায়িত্ব পালন করেছে।

এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিধিমালার কতিপয় বিধি হতে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডকে (বেক্সিমকো) কমিশন কর্তৃক অব্যাহতি প্রদান করা হয়। কিন্তু উক্ত অব্যাহতি প্রজ্ঞাপন সরকারি গেজেটে প্রকাশ হওয়ার পূর্বেই উক্ত সুকুক ইস্যুর আবেদন ২৩ জুন, ২০২১ তারিখে কমিশন কর্তৃক অনুমোদিত হয় এবং কমিশন কর্তৃক ৮ জুলাই ২০২১ তারিখে সম্মতি পত্র বা কনসেন্ট লেটার ইস্যু করা হয়।

পরবর্তীতে বিধিবহির্ভূতভাবে ক্ষমতা অপব্যবহার করে উক্ত সুকুকের পাবলিক সাবসক্রিপশন পিরিয়ড ২৩ আগস্ট ২০২১ (বিধিমোতাবেক সর্বশেষ সাবসক্রিপশনের পিরিয়ড) হতে ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত বৃদ্ধি করা হয়। এ বিষয়ে ‘পুঁজিবাজার অনুসন্ধান ও তদন্ত কমিটি’ কর্তৃক অনুসন্ধান ও তদন্ত পরিচালিত হয়েছে এবং এর প্রতিবেদন কমিশনে জমা হয়েছে।

এ সংশ্লিষ্ট বিষয়সমূহ বিবেচনায় নিয়ে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ কমিশন কর্তৃক গৃহীত হয়েছে:

বিএসইসির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত (পারসোনা নন গ্রাটা) ঘোষণা করার এবং তৎকালীন কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদকে ৫ বছরের জন্য পুঁজিবাজারে অবাঞ্ছিত (পারসোনা নন গ্রাটা) ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বেক্সিমকো সিকিউর্ড কনভার্টিবল অর রিডিমেবল অ্যাসেট-ব্যাকড গ্রীন সুকুকের উপর উল্লেখিত ‘পুঁজিবাজার অনুসন্ধান ও তদন্ত কমিটি’ কর্তৃক পরিচালিত অনুসন্ধান ও তদন্তের অতিরিক্ত কমিশন কর্তৃক তদন্ত পূর্বক বেক্সিমকো সিকিউর্ড কনভার্টিবল অর রিডিমেবল অ্যাসেট-ব্যাকড গ্রীন সুকুক সংশ্লিষ্ট অনিয়ম ও বিধিবিধান ভঙ্গের সাথে জড়িত সকলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD