শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন




এনডিটিভিতে মিথ্যা প্রতিবেদন, জামায়াতের প্রতিবাদ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ৬:৪৪ pm
Bangladesh Jamaat-e-Islami বাংলাদেশ জামায়াত ইসলামী
file pic

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির ওয়েবসাইটে ১৩ আগস্ট ২০২৫ তারিখে প্রকাশিত “জামায়াত নেতার নির্দেশে হত্যাকাণ্ড” শিরোনামের ভিত্তিহীন ও মিথ্যা প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। শনিবার এক বিবৃতিতে এই প্রতিবাদ প্রদান করেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত উক্ত প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, মনগড়া এবং উদ্দেশ্যপ্রণোদিত। সেখানে জামায়াত নেতাদের নির্দেশে একজন সরকারি কর্মকর্তাকে হত্যা করে তার লাশ সিঁড়ি দিয়ে টেনে তোলার যে দৃশ্য উপস্থাপন করা হয়েছে, তা বাস্তবতার সাথে একেবারেই সাংঘর্ষিক। এমন কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি।

খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে, উক্ত ভিডিওটি আসলে ভারতের বিহার রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার বেত্তিয়া শহরের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের একটি ঘটনার অংশ-যেখানে ১১ আগস্ট ২০২৫ তারিখে একজন ব্যক্তির লাশ সিঁড়ি দিয়ে টেনে তোলার দৃশ্য ধরা পড়ে। সেই ভিডিওকে ভিন্নভাবে উপস্থাপন করে জামায়াতের নামে চালিয়ে দেওয়া হয়েছে, যা চরম বিভ্রান্তিকর ও নিন্দনীয়।

তিনি আরও বলেন, ভারতীয় একটি প্রভাবশালী গণমাধ্যমের এমন ধরনের অপপ্রচার গোয়েবলসীয় প্রচার কৌশলকেও হার মানিয়েছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকারের পতনের পর থেকেই ভারতের কিছু মিডিয়া জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন করে চলেছে—যার মাধ্যমে বাংলাদেশের জনগণসহ আন্তর্জাতিক সমাজকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে।

তিনি বলেন, এই ধরনের তথ্যসন্ত্রাসের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। বরং এতে ভারতীয় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে। তাই আমি ভারতীয় মিডিয়াগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার থেকে বিরত থাকে এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতার নীতি অনুসরণ করে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD