রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন




বাংলাদেশ ব্যাংকের রেকর্ড মুনাফা বেড়ে সাড়ে ২২ হাজার কোটি টাকা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ১১:০৫ pm
Central Bank কেন্দ্রীয় ব্যাংক Bangladesh Bank bb বাংলাদেশ ব্যাংক বিবি কেন্দ্রীয় ব্যাংক
file pic

সরকার ও ব্যাংকগুলোকে টাকা ধার দিয়ে সুদ আয় ও ডলারের বিনিময় মূল্যের কারণে ২০২৪-২৫ অর্থবছরে বিপুল মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। গত অর্থবছরে বাংলাদেশ ব্যাংক মোট ৩৩ হাজার কোটি টাকা মুনাফা করেছে। তবে নিট বা প্রকৃত মুনাফা হয়েছে ২২ হাজার ৬০০ কোটি টাকা।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে গত অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী অনুমোদন করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে গভর্নর আহসান এইচ মনুসরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সংস্থাটির পরিচালকেরা উপস্থিত ছিলেন। সভায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মূল বেতনের ছয় গুণ প্রণোদনা বোনাস অনুমোদন দেয় পরিচালনা পর্ষদ।

জানা গেছে, অর্থনীতিতে মন্দাভাব বিরাজ করলেও কেন্দ্রীয় ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা কার্যক্রম চাঙা ছিল। রাজস্ব আয় কম হওয়ায় সরকার বাংলাদেশ ব্যাংক থেকে বেশি টাকা ধার করেছে। আবার ব্যাংকগুলোও বাংলাদেশ ব্যাংক থেকে আগের চেয়ে বেশি টাকা ধার করেছে। ফলে বেশি সুদ আয় হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। আবার রিজার্ভের অর্থ বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ থাকায় সেখান থেকেও ভালো মুনাফা হয়েছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বেড়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, মুনাফার আট হাজার কোটি টাকা ইতিমধ্যে সরকারের হিসাবে জমা করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার হিসাব বিবরণীতে নিরীক্ষক ও গভর্নরের স্বাক্ষরের পর বাকি টাকাও সরকারের হিসাবে জমা করা হবে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, অর্থনীতি চাঙা থাকলে কেন্দ্রীয় ব্যাংকের কম মুনাফা করে। আর অর্থনীতিতে মন্দা থাকলে কেন্দ্রীয় ব্যাংক বেশি মুনাফা করে। এমনটাই দীর্ঘদিন ধরে হয়ে আসছে। অন্য দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোরও পরিস্থিতি একই রকম।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক প্রকৃত মুনাফা করেছিল প্রায় ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে নিট মুনাফার পরিমাণ ছিল ১৫ হাজার ৩০০ কোটি টাকা। সে হিসাবে মাত্র এক বছরে নিট মুনাফা বেড়েছে প্রায় ৭ হাজার ৩০০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, রিজার্ভের বিনিয়োগের চেয়ে স্থানীয় মুদ্রা থেকে বেশি মুনাফা হয়েছে। মুনাফার অর্থের একটা অংশ আগেই সরকারের হিসাবে জমা দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে বাকি অর্থ জমা করা হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD