শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন




ডাকসু: ছাত্রদলের ১০ ইশতেহার ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ ৮:৫৫ pm
Bangladesh Jatiotabadi Chatra Dal ChatraDal JCD BNP student বিএনপি ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
file pic

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ১০ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল মনোনীত প্যানেল। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করেন প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ।

এতে শিক্ষার্থী নিপীড়ন, র‍্যাগিং, অনলাইন-অফলাইনে ঘৃণা ও ভুল তথ্য প্রতিরোধে ডাকসুর অধীনে একটি স্বাধীন ‘শিক্ষার্থী সুরক্ষা সেল’ গঠনের কথা বলেছে দলটি। এছাড়া শিক্ষার্থীদের যেকোনো জরুরি প্রয়োজনে ২৪ ঘণ্টা সেবা পাওয়া নিশ্চিত করতে ‘ইমার্জেন্সি হেল্পলাইন’ চালুরও প্রস্তাবনা রয়েছে।

ছাত্রদল মনোনীত প্যানেলের ১০ দফা ইশতেহারগুলো হলো-

১. শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক, আনন্দময়, বসবাসযোগ্য ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা।

২. নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, নারী স্বাস্থ্য সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধি করা।

৩. শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যবিমা নিশ্চিত এবং বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণ ও চলাচল সহজ করা।

৪. ক্যারিকুলাম, অবকাঠামো ও পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং গবেষণার মানোন্নয়ন করা।

৫. পরিবহনব্যবস্থার নিয়ন্ত্রণ, ব্যাটারিচালিত শাটল বাস সার্ভিস প্রচলন এবং যাতায়াত ব্যবস্থা সহজ করা।

৬. হয়রানিমুক্ত প্রশাসনিক সেবা, শিক্ষাঋণ ও ক্যাম্পাসভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করা।

৭. তরুণদের গঠনমূলক কাজে সম্পৃক্তকরণ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি করা।

৮. শিক্ষার্থীদের জন্য ডিজিটাল–সুবিধা, সাইবার সিকিউরিটি ও সাইবার বুলিং প্রতিরোধ করা।

৯. বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও প্রাণীবান্ধব ক্যাম্পাস তৈরি করা।

১০. কার্যকর ডাকসু ও আন্তর্জাতিক পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বৃদ্ধি করা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ছাত্রদলের প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানভীর বারী হামিম, সহসাধারণ সম্পাদক প্রার্থী তানভীর হাদী আল মায়েদ প্রমুখ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD