রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন




স্থানীয় পাটকল রক্ষায় কাঁচা পাট রপ্তানিতে শর্ত আরোপ করলো সরকার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৫৭ pm
Jute Fiber long soft shiny bast fiber spun into coarse strong threads produced plants genus Corchorus mallow family Malvaceae corchorus spp Bangladesh Jute Research Institute BJRI পাট পাটের উৎপাদন প্রণোদনা আবাদ কৃষক পাটবীজ জমি চাষ কৃষি মন্ত্রণালয় বর্ষা ফসল সোনালী আঁশ সোনালি আঁশ পাট চাষাবাদ jute bg
file pic

দেশীয় বাজারে কাঁচা পাটের সরবরাহ বাড়াতে কাঁচা পাট রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করেছে সরকার। এখন থেকে এ খাতের রপ্তানি কেবল শর্তসাপেক্ষে অনুমোদন করা যাবে।
সাম্প্রতিক সময়ে মৌসুমি ব্যবসায়ীরা বিপুল পরিমাণ পাট কিনে মজুত করায় বাজারে কাঁচা পাটের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছায়। কৃষকেরা এবার প্রতি মণ পাট ৩ হাজার ৬০০ থেকে ৪ হাজার ২০০ টাকায় বিক্রি করেছেন, যা গত বছরের তুলনায় প্রায় ২০-২৫ শতাংশ বেশি।

বাণিজ্য মন্ত্রণালয় ৮ই সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে জানিয়েছে, মূলত মধ্যাঞ্চলীয় জেলাগুলোতে চাষ হওয়া নগদ ফসল কাঁচা পাট রপ্তানি করতে হলে আগে অনুমতি নিতে হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, রপ্তানিকারকদের আমাদের কাছে আবেদন করতে হবে। অনুমোদিত পরিমাণ পাটই কেবল রপ্তানি করা যাবে।
সরকার চলতি মৌসুমে ৭.৫ মিলিয়ন বেল উৎপাদনের প্রত্যাশা করছে, যা আগের বছরের ৮.৯ মিলিয়ন বেলের চেয়ে কম। তবে কারখানা মালিকরা বলছেন উৎপাদন ৬.৫ মিলিয়ন টনের বেশি হবে না।

বর্তমানে মাঝারি মানের পাটের দাম প্রতি মণ ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার টাকা এবং উৎকৃষ্ট মানের ফাইবারের দাম ৪ হাজার থেকে ৪ হাজার ২০০ টাকা। পাটকল মালিকদের দাবি, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই অধিকাংশ কৃষক তাদের পাট বিক্রি করে ফেলেছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই রপ্তানি সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

বস্ত্র ও পাটসচিব মো. আব্দুর রউফ বলেন, সরকারের লক্ষ্য হলো স্থানীয় বাজারে কাঁচা পাটের সরবরাহ বাড়ানো এবং পাটের বস্তা উৎপাদন ত্বরান্বিত করা। তিনি বলেন, আমরা বাধ্যতামূলক প্যাকেজিং আইন বাস্তবায়নের অংশ হিসেবে পাটের বস্তার ব্যবহার বাড়াতে চাই। চালকল মালিকরা এরই মধ্যে চালের প্যাকেজিংয়ে পাটের বস্তা ব্যবহার করতে সম্মত হয়েছেন। এ জন্য প্রায় ৮০০ কোটি বস্তার প্রয়োজন হবে।

বাংলাদেশ জুট স্পিনার্স এসোসিয়েশনের (বিজেএসএ) চেয়ারম্যান তপন প্রামাণিক বলেন, এটি জাতীয় স্বার্থে সঠিক সিদ্ধান্ত। যখন অভ্যন্তরীণ বাজারে ঘাটতি থাকে তখন রপ্তানি করা একধরনের বিলাসিতা। তিনি জানান, দেশের প্রয়োজন ৭.৫ মিলিয়ন বেল কাঁচা পাট, যার মধ্যে ৫.৫ মিলিয়ন বেল কল ও অন্যান্য খাতে ব্যবহৃত হয়। তবে কাঁচা পাট রপ্তানির পরিমাণ মোট উৎপাদনের ১০ শতাংশেরও কম। তাই রপ্তানি বন্ধ করলে দামের পতন ঘটবে-এ কথা সঠিক নয়। আসলে মজুদদাররা সংকট ও রপ্তানির সুযোগকে কাজে লাগাচ্ছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে কাঁচা পাট ও পাটজাত পণ্যের রপ্তানি সর্বোচ্চ ১.১৬ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। এরপর ধারাবাহিকভাবে তা কমতে থাকে এবং গত অর্থবছরে রপ্তানি নেমে আসে ৮২০ মিলিয়ন ডলারে, যা গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন। তবে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-আগস্টে ৭ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে রপ্তানির পুনরুদ্ধারের ইঙ্গিত পাওয়া গেছে। এ সময় মোট রপ্তানির মধ্যে কাঁচা পাটের অংশ ছিল ১৫ শতাংশ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD