রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন




নিয়ম মানছে না মধুমতি, ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ৫:১৬ pm
Central Bank কেন্দ্রীয় ব্যাংক Bangladesh Bank bb বাংলাদেশ ব্যাংক বিবি কেন্দ্রীয় ব্যাংক
file pic

পতিত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর মধ্যে একটি মধুমতি ব্যাংক। আওয়ামী লীগ সরকারের পতনের পরও ব্যাংকটির পরিচালক পদে এখনো রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাউদ্দিন জুয়েল ও মামাতো ভাইয়ের ছেলে শেখ ফজলে নূর তাপস। রয়েছেন সাবেক একাধিক সংসদ সদস্য। সরকার পতনের পর থেকেই তারা পলাতক রয়েছেন। তারা ব্যাংকের কোনো বোর্ড সভায় উপস্থিত হচ্ছেন না। এ ছাড়া তাদের অনেকেই ঋণ খেলাপি, অর্থ পাচার ও হত্যা মামলার আসামি, যা বাংলাদেশ ব্যাংকের নীতিমালার পুরোপুরি বিপরীত। এ অবস্থায় ব্যাংকিং কার্যক্রম চালাতে পদে পদে বাঁধাগ্রস্ত হচ্ছে মধুমতি ব্যাংক। এর পরও ব্যাংকটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বাংলাদেশ ব্যাংক। তবে ব্যবস্থা নিবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, কোনো পরিচালক টানা তিনটি বোর্ড সভায় বা তিন মাসের বেশি সময় অনুপস্থিত থাকলে তার পদ শূন্য হওয়ার কথা। কিন্তু দীর্ঘদিন অনুপস্থিতির পরও ব্যাংকের চেয়ারম্যান বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। বরং মধুমতি ব্যাংকের চেয়ারম্যান হুমায়ূন কবীর বারবার তাদের ছুটি বাড়িয়ে পরিচালক পদে বহাল থাকার সুযোগ করে দিচ্ছেন।

পাশাপাশি ঋণ খেলাপিরাও ব্যাংকের পর্ষদে থাকার কথা নয়। কিন্তু ব্যাংকের বর্তমান পরিচালক ও সাবেক চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থ পাচারের মামলা রয়েছে। পাশাপাশি রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর কর্মী হত্যা মামলার আসামি হিসেবেও তাপসের নাম রয়েছে। একই সঙ্গে বিভিন্ন মামলার আসামি হিসেবে আছেন- ব্যাংকটির পরিচালক মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তাফা কামাল, ঋণ খেলাপি মেজর (অব.) আব্দুল মান্নান খান ও স্বতন্ত্র পরিচালক সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল। ব্যাংকটির ওয়েব সাইটেও তাদের নাম রয়েছে।

ওয়েব সাইটে দেয়া তথ্য অনুযায়ী পরিচালনা পর্ষদে আছেন- চেয়ারম্যান হুমায়ুন কবির, শেখ সালাহউদ্দিন, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, মোহাম্মদ ইসমাইল হোসেন, নিমাই কুমার সাহা, সালাহউদ্দিন আলমগীর, মোস্তফা কামাল, এ মান্নান খান, তানভীর আহমেদ মোস্তফা, মো. মাহবুবুর রহমান, স্বতন্ত্র পরিচালক এডভোকেট সৈয়দ রেজাউর রহমান ও স্বতন্ত্র পরিচালক মঞ্জুরুল আহসান বুলবুল। তবে ওয়েব সাইটে মঞ্জুরুল আহসান বুলবুল ও এডভোকেট সৈয়দ রেজাউর রহমানের ছবি আপ করা নেই।

সার্বিকভাবে একটি ব্যাংকের পরিচালনা পর্ষদে ঋণ খেলাপি এবং গুরুতর আর্থিক অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের উপস্থিতি ব্যাংকিং খাতের সুশাসন এবং নৈতিকতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। বাংলাদেশ ব্যাংকের এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা।

জানা গেছে, গত ৫ই আগস্ট পর ব্যাংকের কয়েকজন পরিচালক আত্মগোপনে ও বিদেশে চলে গেছেন। তাদের অনেকেই বিদেশে বসে অনলাইনে সভায় অংশ নেয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু অনলাইনে অংশগ্রহণের সুযোগ বাতিল করে বাংলাদেশ ব্যাংক। তবে হোয়াটসঅ্যাপ ও ই-মেইলে ছুটি নিয়ে বিভিন্ন কৌশলে ব্যাংকের পরিচালক থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

মধুমতি ব্যাংকের কর্মকর্তারা জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর ব্যাংকের পরিচালক শেখ সালাউদ্দিন জুয়েল ও শেখ ফজলে নূর তাপস বোর্ড সভায় অংশ নিচ্ছেন না। নিয়ম অনুযায়ী, কোনো পরিচালক পরপর তিনটি সভায় বা তিন মাস অনুপস্থিত থাকলে তার পদ বাতিল হওয়ার কথা। দুই পরিচালক ছুটির আবেদন ই-মেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠান। কখনো কখনো ছুটির আবেদন ছাড়াই চেয়ারম্যান হুমায়ূন কবীর তাদের ছুটি বাড়াচ্ছে বলে অভিযোগ রয়েছে। এভাবেই তারা এখনো পরিচালক পদে বহাল রয়েছেন।

এ বিষয়ে মধুমতি ব্যাংকের চেয়ারম্যান হুমায়ূন কবীর বলেন, ছুটির বিষয়টি বাংলাদেশ ব্যাংককে জানানো হয়েছে। এখন বাংলাদেশ ব্যাংক কি ব্যবস্থা নেয়, তা তারাই ভালো বলতে পারবে বলে জানান তিনি।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নিয়ম ভেঙে কেউ পরিচালক পদে রয়েছেনÑএমন অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। ঋণ খেলাপির বিষয়ে তিনি বলেন, কোনো খেলাপি দেশের কোনো ব্যাংকের পরিচালক থাকতে পারে না। তবে কেউ হত্যা মামলার আসামি অভিযুক্ত হলেও চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত পরিচালক পদে থাকতে পারে।

ব্যাংক কেম্পিানি আইন অনুযায়ী, কোনো ঋণ নির্দিষ্ট সময়সীমার মধ্যে পরিশোধ করা না হলে তা খেলাপি হিসেবে গণ্য হবে। সম্প্রতি গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, খেলাপিকে খেলাপিই বলা উচিত। কেউ আদালত থেকে স্থগিতাদেশ আনলেও তাকে খেলাপি দেখানো উচিত। আর এ জন্য বাংলাদেশ ব্যাংক, সরকার এবং বিচার বিভাগকে একসঙ্গে কাজ করতে হবে। তা না হলে আর্থিক খাত ঘুরে দাঁড়াতে পারবে না।

অভিযুক্ত যারা;
হুমায়ুন কবির: মধুমতির চেয়ারম্যান হুমায়ুন কবিরের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ উঠেছে, যা ব্যাংকিং খাতে আলোড়ন সৃষ্টি করেছে। অভিযোগ অনুযায়ী, হুমায়ুন কবির একটি নামমাত্র কোম্পানির মাধ্যমে শত কোটি টাকার ঋণ গ্রহণ করেন, যা পরিশোধ করা হয়নি। ব্যাংক কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও, বাংলাদেশ ব্যাংক তদন্ত করবে বলে জানা গেছে।

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, ঋণখেলাপি কেউ ব্যাংকের পরিচালক হতে পারেন না। কিন্তু পরিচালক পদে থাকা কেউ ঋণখেলাপি হলে তাকে অপসারণ করতে পারে কেন্দ্রীয় ব্যাংক। অবশ্য খেলাপি ঋণ নিয়মিত হলে তিনি আবার পরিচালক হতে পারবেন। তবে কেউ ইচ্ছাকৃত খেলাপি হিসেবে চিহ্নিত হলে খেলাপি থেকে অব্যাহতির ৫ বছর পার না হওয়া পর্যন্ত আর পরিচালক হতে পারবেন না।

বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) তথ্য অনুযায়ী, হুমায়ুন কবীরের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নর্দান হেচারির অনুকূলে এনআরবিসি ব্যাংকে বর্তমানে প্রায় ১১৩ কোটি টাকা ঋণ রয়েছে। এর মধ্যে প্রায় ৬০ কোটি টাকার ঋণ খেলাপি হয়ে গেছে। আর উত্তরা ফাইন্যান্সে একই প্রতিষ্ঠানের খেলাপি ঋণ প্রায় ২ কোটি ২৩ লাখ টাকা রয়েছে। এনআরবিসি ব্যাংক গত জুলাই মাসে ব্যাংক কোম্পানি আইনের ১৭ ধারায় নোটিস দিয়ে কেন্দ্রীয় ব্যাংকে বিষয়টি জানিয়েছে। নর্দান হেচারির পরিচালক হুমায়ুন কবীর। একই সঙ্গে ঋণের গ্যারান্টারও তিনি।

এই ধারা অনুযায়ী, যদি কোনো পরিচালক ঋণ পরিশোধে ব্যর্থ হন এবং দুই মাস সময় অতিবাহিত হওয়ার পরেও ঋণ বা কিস্তি পরিশোধ না করেন, তবে তার পরিচালক পদ শূন্য হবে। বাংলাদেশ ব্যাংক বা ব্যাংক কর্তৃপক্ষ এই নোটিস জারি করে ঋণ পরিশোধের নির্দেশ দিতে পারে।

হুমায়ুন কবির বলেন, আমার নামের মতোই আরেকজন আছেন তিনি হুমায়ুন কবির বাবলু। তাকে অনেক আগেই ব্যাংক থেকে বাদ দেয়া হয়েছে।
সূত্র বলছে, হুমায়ুন কবির মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ব্যাংকটির বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের পর্ষদ সভায় মোহাম্মদ ইসমাইল হোসেন, সালাউদ্দিন আলমগীর, তানজিমা বিনতে মোস্তফা, সুলতানা জাহান, এ মান্নান খান, তানভীর আহমেদ মোস্তফা, স্বতন্ত্র পরিচালক মনজুরুল আহসান বুলবুল এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম উপস্থিত ছিলেন।

শেখ ফজলে নূর তাপস:
মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদের আরেক সদস্য ও সাবেক চেয়ারম্যান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে অর্থ পাচার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছেদুর্নীতি দমন কমিশন (দুদক)। চলতি বছরের জানুয়ারিতে দায়ের করা এই মামলায় তার এবং তার স্ত্রীর বিরুদ্ধে ৫৩৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে প্রায় ৭৩ কোটি টাকার অবৈধ সম্পদ, ২৭ ব্যাংক হিসাবে ৫৩৮ কোটি টাকা ও ৫ লাখ ডলারের বেশি অর্থ সন্দেহভাজন লেনদেনের অভিযোগ রয়েছে। এছাড়া তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে ৬ কোটি ৪৩ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ, ৯টি ব্যাংক হিসাবে ৭০ কোটি ৮৯ লাখ ও ৩ লাখ ৯৫ হাজার ডলারের অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া এক যুগ আগে ২০১৩ সালের ৫ই মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যা-নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ২১ আসামীর মধ্যে শেখ ফজলে নূর তাপসের নামও আছে।

মোস্তফা কামাল:
ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ই মে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর চালানো হত্যাযজ্ঞের পক্ষে প্রচারণা চালানোয় সহযোগিতার অভিযোগে একাত্তর টেলিভিশন ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামালসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মোস্তফাকেও আসামি করা হয়। গত ১৫ই এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করেন হেফাজতে ইসলামের নেতা মুশফিকুর রহমান। এ ছাড়া মোস্তফা কামালের দেশত্যাগ নিষেধাজ্ঞা আদেশ দিয়েছেন আদালত। গত ২৭ই মে ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

এ মান্নান খান:
এ মান্নান খান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির (বিআইএফসি) একজন ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত। তিনি বিআইএফসি থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে তা পরিশোধ করেননি বলে অভিযোগ রয়েছে। প্রতিবেদন অনুসারে, মেজর (অব.) আব্দুল মান্নান এবং তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিআইএফসি থেকে প্রায় ৮০০ কোটি টাকা ঋণ নিয়ে খেলাপি হয়েছেন। এ মান্নান খান ম্যাঙ্গো টেলিসার্ভিসেস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং মধুমতি ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক।

মঞ্জুরুল আহসান বুলবুল:
রাজধানীর যাত্রাবাড়ীতে ইমরান হোসেন নামের এক তরুণকে হত্যার মামলায় ২৯৭ জনকে আসামি করা হয়। চলতি বছর ইমরানের মা কোহিনূর আক্তার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় এ মামলা করেন। এ হত্যা মামলায় সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুলকে আসামি করা হয়েছে।

ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৩ সালে মধুমতি ব্যাংকের অনুমোদন দেয়ার পর রাজনৈতিক কিছু ব্যক্তির পাশাপাশি ব্যাংকটির উদ্যোক্তা হিসেবে যুক্ত হয় মেঘনা গ্রুপ, লাবিব গ্রুপ ও শারমিন গ্রুপ। সম্প্রতি প্রতিষ্ঠার এক যুগ পূর্তি উদযাপন করেছে ব্যাংকটি। চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে কম খেলাপি ঋণ ব্যাংকটির। এমনকি গত বছর শেষে মুনাফাও করেছে মধুমতি ব্যাংক।

ব্যাংকটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত বছর শেষে ব্যাংকটির আমানত বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ১১ কোটি টাকা। আর গত বছর শেষে ঋণ দাঁড়িয়েছে ৬৬৩ কোটি টাকায়। এর মধ্যে খেলাপি ঋণ ১৫৩ কোটি টাকা বা ২.৩০ শতাংশ। ব্যাংকটির তহবিল খরচ ও আয়ের বিপরীতে খরচও চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর মধ্যে সর্বনিম্ন। গত বছরে নিট মুনাফা করেছে ১২৬ কোটি টাকা।

ব্যাংকটির তথ্য মতে, সারা দেশে ব্যাংকটির শাখা রয়েছে ৫২টি, এটিএম রয়েছে ৪৭টি ও এজেন্ট ব্যাংকিং আউটলেট ৬৪৩টি। ব্যাংকটির কর্মী সংখ্যা ৭৬০। ২০২৪ সালের বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকস হেলথ ইনডেক্স (বিএইচআই) অ্যান্ড হিট ম্যাপ’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, ইয়েলো জোনে থাকা ২৯টি ব্যাংকের মধ্যে মধুমতি ছিল অন্যতম।

জানতে চাইলে মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সফিউল আজম মিটিংয়ে আছি বলে ফোন কেটে দেন

মানবজমিন




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD