দেশের ডিমের বাজার এখন প্রায় ২৮ হাজার ৪৬৬ কোটি টাকার। এই খাতে বিনিয়োগ আছে ৪০ হাজার কোটি টাকারও বেশি। কাজ করছেন প্রায় ৬০ লাখ মানুষ। মানুষের আমিষের চাহিদার ৬০ শতাংশ আসে মুরগি ও ডিম থেকে। অথচ এত বড় বাজারেও লোকসানে ধুঁকছেন প্রান্তিক ও ক্ষুদ্র খামারিরা। খরচ বেড়েছে দ্বিগুণ, তবে বিক্রয়মূল্য কমে গেছে। বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো লাভ করছে; ছোট খামারিরা টিকে থাকার লড়াইয়ে হিমশিম খাচ্ছেন।
বিশেষজ্ঞরা বলছেন, প্রান্তিক খামারিরা ন্যায্যমূল্য না পেলে ডিমের উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়বে। লাখো ক্ষুদ্র উদ্যোক্তা বেকার হবেন। তাদের সুরক্ষায় সরকারকে এখনই স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।
এ পটভূমিতে আজ শুক্রবার পালিত হচ্ছে বিশ্ব ডিম দিবস। ১৯৯৬ সাল থেকে প্রতিবছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার দিবসটি পালন করা হয়। বাংলাদেশেও দিবসটি পালনে প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এবং ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন যৌথভাবে নানা কর্মসূচি নিয়েছে। এবারের প্রতিপাদ্য– ‘ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন’।
ডিম উৎপাদনে রেকর্ড
বাংলাদেশে প্রাণিসম্পদ খাতের ধারাবাহিক উন্নতির ফলে গত এক দশকে ডিম উৎপাদনে অভূতপূর্ব অগ্রগতি অর্জিত হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে মোট ডিম উৎপাদন হয়েছে ২ হাজার ৪৪০ কোটি, যা এক দশক আগের তুলনায় প্রায় ২.১৬ গুণ। গত ৯ অর্থবছরের উৎপাদন প্রবণতা বিশ্লেষণ করে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৬-১৭ অর্থবছরে ১ হাজার ৪৯৩ কোটি, ২০১৭-১৮ অর্থবছরে ১ হাজার ৫৫২ কোটি, ২০১৮-১৯ অর্থবছরে ১ হাজার ৭১১ কোটি, ২০১৯-২০ অর্থবছরে ১ হাজার ৭৩৬ কোটি, ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৫৭ কোটি, ২০২১-২২ অর্থবছরে ২ হাজার ৩৩৫ কোটি, ২০২২-২৩ অর্থবছরে ২ হাজার ৩৩৭ কোটি, ২০২৩-২৪ অর্থবছরে ২ হাজার ৩৭৪ কোটি এবং ২০২৪-২৫ অর্থবছরে ২ হাজার ৪৪০ কোটি ডিম উৎপাদিত হয়েছে। ডিম উৎপাদনের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের মানুষের পুষ্টি ও প্রোটিন চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিটি ডিমের দাম খুচরা পর্যায়ে ১১.৬৬ টাকা ধরলে ডিমের বাজার দাঁড়ায় ২৮ হাজার ৪৬৬ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার ৬৬৬ টাকা।
ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২১ সালে বাংলাদেশ ছিল ডিম উৎপাদনে বিশ্বের ১১তম দেশ। ভোগের দিক থেকে নবম। বিশ্বে শীর্ষ ডিম উৎপাদক দেশ চীন। এরপর যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ভারত, মেক্সিকো, ব্রাজিল, রাশিয়া, জাপান, তুরস্ক ও পাকিস্তান। বাংলাদেশে বছরে মাথাপিছু ডিম ভোগ প্রায় ১৩৭টি, যা একসময় ছিল মাত্র ২০টি।
খরচ বেড়েছে, দাম কমেছে
খামারি ও সরবরাহকারীর হিসাবে, গত দুই বছরে পোলট্রির প্রায় সব উপকরণের দাম দ্বিগুণ হয়েছে। ২০২২ সালে লেয়ার বাচ্চা ১৫ থেকে ২০ টাকায় কিনলেও এখন তা ৭০ থেকে ৭৫ টাকা। ২৫ টাকার ব্রয়লার বাচ্চার দাম দাঁড়িয়েছে ৬৫ থেকে ৭০ টাকায়। ২৫ টাকার রেডিফিড এখন ৩৫ থেকে ৪০ টাকা, ভুট্টা ১৫ থেকে বেড়ে ৩৫ টাকা, সয়াবিন ৩০ থেকে ৬০, মিটবোন মিল ৩৫ থেকে ৭০ টাকা। ফলে এক ডজন ডিম উৎপাদনে আগের চেয়ে খরচ বেড়েছে অন্তত ৪০ শতাংশ।
খামারিরা বলছেন, ডিমের দাম সরকার নির্ধারণ করলেও তা কখনোই খামার পর্যায়ে কার্যকর হয় না। গত বছর কৃষি বিপণন অধিদপ্তর প্রতিটি ডিমের দাম ১০ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করেছিল। বাস্তবে সারাবছর খামার পর্যায়ে গড় দাম ছিল সাত-আট টাকার মধ্যে।
রাজশাহীর ক্ষুদ্র খামারি সাইফুল ইসলাম বলেন, ‘দাম বাড়লে আমরা আসামি হয়ে যাই; দাম কমলে কেউ দেখে না। বাচ্চা আর খাবারের দাম দ্বিগুণ। অথচ ডিম বিক্রি করছি লোকসানে।’
দেশে প্রায় এক লাখ পোলট্রি খামার আছে। এর মধ্যে মাত্র ১০ শতাংশ বড় করপোরেট প্রতিষ্ঠান। অথচ তারাই মোট উৎপাদনের এক-তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করে।
গাজীপুরের খামারি আবদুর রহমান বলেন, বড় কোম্পানিগুলো নিজেরাই বাচ্চা, খাবার, ওষুধ তৈরি করে। তাই তাদের খরচ কম। আমরা তাদের কাছ থেকেই সব কিনে বেশি দামে বিক্রি করি।
ক্ষুদ্র খামারিদের অভিযোগ, করপোরেট কোম্পানিগুলো এখন কন্ট্রাক্ট ফার্মিংয়ের নামে খামারিদের নির্ভরশীল করে ফেলছে। তারা বাচ্চা, খাবার ও ওষুধ সরবরাহ করে নির্ধারিত দরে মুরগি কিনে নেয়। এতে খামারিরা শুধু ‘গ্রোয়িং চার্জ’ বা মজুরি পান। কেরানীগঞ্জের এক খামারি বলেন, আমরা শুধু শ্রম দিই; লাভ যায় কোম্পানির পকেটে।
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক জাহাঙ্গীর আলমের মতে, ছোট খামার বাঁচাতে খাদ্য ও বাচ্চার দাম সার্বক্ষণিক তদারক করতে হবে। কৃষি খাতে যে হারে বিদ্যুৎ বিল নেওয়া হয়, এ খাতেও সেভাবে নিতে হবে। বিনামূল্যে দিতে হবে জটিল রোগের টিকা, ওষুধ। খামারিদের সমিতির আওতায় এনে জামানতহীন ঋণ দিতে হবে। তাঁর প্রস্তাব, প্রতিটি উপজেলা সদরে ডিম ও মুরগি বিক্রির স্থায়ী দোকান তৈরি করলে খামারিরা সরাসরি পণ্য বিক্রি করতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমবে।
বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) সভাপতি শামসুল আরেফিন খালেদ বলেন, আমরা ৫৪ বছরে মাথাপিছু ডিমের প্রাপ্যতা ২০টা থেকে ১৩৭টায় তুলেছি। ২০৩৫ সালে এটি দ্বিগুণ হবে। তবে তিনি সতর্ক করেন, শুধু উৎপাদন নয়; সবার জন্য সুষম বণ্টন নিশ্চিত করতে হবে।
ওয়ার্ল্ডস পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখার সভাপতি মসিউর রহমান বলেন, শূন্য থেকে শুরু হয়ে আজ প্রায় ৪০ হাজার কোটি টাকা এ খাতে বিনিয়োগ হয়েছে। ২০৫০ সাল নাগাদ সেটা ৮০ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে। বাংলাদেশের পোলট্রি শিল্প হবে দক্ষিণ এশিয়ায় অনুকরণীয়। মসিউর বলেন, দেশ ও মানুষের প্রয়োজনেই দেশীয় পোলট্রি শিল্পকে টেকসই করতে হবে। বাধ্যতামূলক করতে হবে ছোট-বড় সব খামারের জন্য নিবন্ধন। বর্জ্য ব্যবস্থাপনার সঠিক পরিকল্পনা ছাড়া খামারের নিবন্ধন দেওয়া যাবে না। তিনি বলেন, পোলট্রি রিসাইক্লিং আমাদের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলতে পারে। এ জন্য প্রয়োজনীয় প্রযুক্তি আমদানিতে বিশেষ ছাড় এবং শিল্প স্থাপনে প্রণোদনা উদ্যোক্তাদের শিল্প স্থাপনে উৎসাহিত করবে।
তিনি বলেন, পোলট্রিতে আমরা ‘নেট জিরো কার্বন’ ইস্যুতে কাজ করছি। বাংলাদেশের বড়-মাঝারি পোলট্রি খামারগুলোর রুফটপে সোলার প্যানেল স্থাপন করা হলে কয়েকশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।
গত বছর উৎপাদন খরচ বিবেচনায় খামারি পর্যায়ে প্রতিটি ডিমের দাম ১০ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করে কৃষি বিপণন অধিদপ্তর। পরে দর সমন্বয়ের কথা থাকলেও তা হয়নি। বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিপিআইএ) মহাসচিব খন্দকার মুহাম্মদ মহসিন বলেন, স্বাভাবিক সময়ে দিনে গড়ে ডিমের চাহিদা পাঁচ কোটি। রোজায় তা এক-তৃতীয়াংশ কমে যায়। ভারতে ৮ থেকে ১৩ ডিগ্রি তাপমাত্রায় এক বছর পর্যন্ত ডিম সংরক্ষণ করা হয়। বাংলাদেশেও এমন হিমাগার তৈরির প্রস্তাব দিয়েছি প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে। এটি বাস্তবায়ন হলে সারাবছর একই দামে ভোক্তাকে ডিম খাওয়ানো যাবে; খামারিরাও লাভবান হবেন।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান বলেন, পোলট্রি শিল্পের বিকাশে সবচেয়ে বড় বাধা এখন ফিডের উচ্চমূল্য। এতে প্রান্তিক খামারিরা আশানুরূপ লাভ করতে পারছেন না। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, রাজস্ব বোর্ড ও বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে কাজ করছে। ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথ উদ্যোগে ফিডের দাম প্রতি কেজিতে দু-তিন টাকা পর্যন্ত কমানো সম্ভব হয়েছে। এতে প্রান্তিক খামারির উৎপাদন খরচ কমেছে।
তিনি বলেন, ডিমের দাম স্থিতিশীল রাখতে কৃষি বিপণন অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর ও পোলট্রি শিল্পের বিভিন্ন অংশীজনকে নিয়ে একাধিক মতবিনিময় সভা হয়েছে। এসব আলোচনার ভিত্তিতে সরকার একটি বহুমুখী সিদ্ধান্তে পৌঁছায়। যার অন্যতম ছিল পোলট্রি পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ। এই প্রক্রিয়ার অংশ হিসেবে কৃষি বিপণন অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং পোলট্রি শিল্পের প্রতিনিধিদের নিয়ে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মুরগি ও ডিমের যৌক্তিক মূল্য নির্ধারণ করে। কৃষি মন্ত্রণালয় পরে এ সুপারিশ অনুমোদন করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়নের নির্দেশ দেয়। এক দিন বয়সী বাচ্চা মুরগির দাম নিয়ন্ত্রণে ব্রিডার্স অ্যাসোসিয়েশনকে কৌশলপত্র অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাণিজ প্রোটিনের প্রাপ্যতা বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার আরও কিছু পদক্ষেপ নিয়েছে বলে জানান মহাপরিচালক। তিনি বলেন, দেশে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, ভিরুলেন্ট নিউক্যাসেল ডিজিজ ও ইনফেকশাস ব্রঙ্কাইটিসের মতো রোগের ঝুঁকি কমাতে স্থানীয়ভাবে ভ্যাকসিন উৎপাদন সক্ষমতা বাড়ানো হচ্ছে। এ ছাড়া খামারিদের উৎপাদন ব্যয় কমাতে বিদ্যুৎ বিলে কৃষি খাতের মতো ২০ শতাংশ ভর্তুকি দেওয়ার বিষয় নিয়ে বিদ্যুৎ বিভাগের সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে সারাবছর সুলভ মূল্যে নিরাপদ ডিম সরবরাহের জন্য সংরক্ষণাগার স্থাপনের কৌশলপত্রও প্রণয়ন করা হয়েছে। তিনি আরও বলেন, প্রাণিসম্পদ উন্নয়ন সম্পর্কিত আইন ও নীতিমালা যুগোপযোগী করার নির্দেশ দিয়েছে সরকার। পাশাপাশি সয়াবিন তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর উৎপাদন ব্যয় ও সয়াবিনের উপজাতের যৌক্তিক মূল্য নির্ধারণে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ফিডেই খামারিদের ৭০ শতাংশ খরচ। খাদ্য উৎপাদন খরচ কমাতে উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, পোলট্রি খাতের আমদানিনির্ভর কাঁচামালে ট্যাক্স কমানোর বিষয়টি সরকার বিবেচনা করছে। এতে খাদ্য ও বাচ্চার দাম কমবে। খামারিরা কিছুটা স্বস্তি পাবেন।
নানা আয়োজন
ডিম দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে এতিমখানা ও বৃদ্ধাশ্রমে ডিম বিতরণ, সাধারণ মানুষের মধ্যে সিদ্ধ ডিম বিতরণ, পোস্টার লাগানো এবং সচেতনতামূলক আলোচনা সভা। ঢাকায় সকাল ৯টায় কৃষিবিদ ইনস্টিটিউশন থেকে শোভাযাত্রা শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ প্রদক্ষিণ করবে। পরে কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। samakal