শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন




রাজনৈতিক ভুলে ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না: ফখরুল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ ৯:১১ pm
Mirz-fakhrul Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর Bangladesh Nationalist Party BNP Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
file pic

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ। সামনে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে। রাজনৈতিক ভুল করার কারণে ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না। দেশের মানুষ আর ফ্যাসিস্ট দেখতে চায় না।

মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমির হলরুমে সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দানবীয় দুঃশাসনের পর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গণতন্ত্র ফিরে এসেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘অনেক নির্যাতনের শিকার হয়েছেন অসংখ্য মানুষ। মিথ্যা মামলায় জেলে গেছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী। এখন আমরা মুক্তভাবে শ্বাস নিতে পারি; নেতাকর্মীরা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেন। যারা এ গণঅভ্যুত্থানে যোগ দিয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

তিনি আরও বলেন, গণভোট বিষয়ে বিএনপির মতামত, জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে পারে। মানুষ এমন একটি নির্বাচন চায়, যেখানে তারা নিজেদের প্রতিনিধিকে নির্বাচিত করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারবেন।

যারা ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে ছিলেন, তারা এখন ভিন্নমত দিচ্ছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যেসব দাবিতে আমরা রাজপথে আন্দোলন করেছি, সেসব দাবি নির্বাচিত সংসদে সমাধান করতে হবে।

সংস্কারের বিষয়ে তিনি বলেন, ‘বিএনপি সংস্কার চায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই সংস্কারের সূচনা হয়েছে, যা এখনও চলমান। কঠিন পরীক্ষা সামনে, গণতন্ত্রের পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে। কারণ গণতন্ত্রই একমাত্র পথ, যা মানুষের ইচ্ছার বিকাশ ঘটায়।’

আগামী ১৭ অক্টোবর রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি গণতান্ত্রিক সনদে স্বাক্ষর হবে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, সাংবিধানিক সংস্কার কমিশনের যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তা সনদে অন্তর্ভুক্ত করা হবে। যেসব বিষয়ে একমত হয়নি, সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নেবে।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্না হান্নু, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD