দেশে অর্থনীতির সঙ্গে ছোট বড় মিলে কত প্রতিষ্ঠান রয়েছে সে বিষয়ে গত বছরের ডিসেম্বরে একটি শুমারি কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। শুমারির প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, দেশে এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা এক কোটি ১৮ লাখ ৭৭ হাজার ৩৬৪টি। বিবিএসের ওই গণনা-পরবর্তী শুমারি যাচাই (পিইসি) করেছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)। এতে দেখা যায়, বিবিএসের গণনায় ২ দশমিক ৯৫ শতাংশ প্রতিষ্ঠান বাদ পড়েছে, যা সংখ্যায় ৩ লাখ ৬৫ হাজার। প্রকৃতপক্ষে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠানের সংখ্যা ১ কোটি ২২ লাখ ৪২ হাজার ৮৩৬।
মঙ্গলবার এক অনুষ্ঠানে বিআইডিএসের যাচাই প্রতিবেদন প্রকাশ করা হয়। রাজধানীর আগারগাঁওয়ে বিআইডিএস কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা বিভাগের সচিব শাকিল আকতার। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিবিএসের মহাপরিচালক মিজানুর রহমান। বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পিইসি প্রতিবেদন তুলে ধরেন বিআইডিএসের গবেষণা পরিচালক ড. মোহাম্মদ ইউনুস।
বিআইডিএসের পিইসি কার্যক্রমে ৩৫২টি নমুনা এলাকা থেকে গত ২৮ জুন থেকে ১০ জুলাই সময়ে তথ্য সংগ্রহ করা হয়। অন্যদিকে বিবিএসের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয় গত ২৯ জানুয়ারি। শুমারির তথ্য সংগ্রহ করা হয় গত বছরের ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত। সারাদেশে ৮৭ হাজার ৬২৯টি গণনা এলাকা থেকে সে সময় তথ্য সংগ্রহ করে বিবিএস। অর্থনৈতিক শুমারির চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে আগামী মাসে।
বিআইডিএসের পিইসি পরিচালনায় নেতৃত্ব দেন সংস্থার গবেষণা পরিচালক ড. মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানে তিনি বলেন, বিবিএসের অর্থনৈতিক শুমারিতে তারা যে হারে ত্রুটি পেয়েছেন সেটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। সাধারণত ৫ শতাংশ পর্যন্ত কম-বেশির পার্থক্য গ্রহণযোগ্য হিসেবে ধরা হয়। এখানে এ হার মাত্র ২ দশমিক ৯৫ শতাংশ।
তিন লাখ ৬৫ হাজার অর্থনৈতিক প্রতিষ্ঠান শুমারিতে বাদ পড়ার কারণ হিসেবে তিনি বলেন, অস্থায়ী, মৌসুমি ও ভাসমান অনেক অতিক্ষুদ্র ব্যবসা একবার একেক জায়গায় থাকে। এ ধরনের প্রতিষ্ঠান সব গণনায় পার্থক্য তৈরি করে। কখনও কম গণনা হয়, কখনও দুইবার গণনা হয়। এছাড়া তৈরি পোশাক কারখানাগুলো গণনাকর্মীদের কারখানায় প্রবেশ করতে বাধা দিয়েছে। সেগুলো শুমারি থেকে বাদ পড়েছিল।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার বলেন, বিবিএস এবং বিআইডিএসের গণনার মধ্যে পার্থক্য হওয়ার বড় কারণ ছিল রাজনৈতিক পট পরিবর্তন। আগস্টে সরকার পরিবর্তন এবং প্রশাসনে অনেক রদবদলের মধ্যে অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ করতে হয়েছে। অনেকে তখন ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন না। এরকম কিছু বৈরিতার মধ্য দিয়ে শুমারি পরিচালনা করা হয়েছে। স্থায়ী এবং অস্থায়ী প্রতিষ্ঠানের স্বতন্ত্র হিসাব নেওয়া হলে এই দুই ধরনের প্রতিষ্ঠানের প্রকৃত চিত্র পাওয়া যেত বলে মন্তব্য করেন তিনি।
পরিকল্পনা বিভাগের সচিব শাকিল আকতার পদোন্নতির আগে বিবিএসের কর্মকর্তা হিসেবে অর্থনৈতিক শুমারির প্রকল্প পরিচালক ছিলেন। তিনি বলেন, যে কোনো জরিপ বা শুমারিতে তথ্য সংগ্রহ সবচেয়ে গুরুত্বপূর্ণ। অথচ গণনাকর্মীদের অবহেলা করা হয়। পোশাক কারখানাসহ আরও কিছু স্পর্শকাতর সংস্থায় গণনাকর্মীদের ঢুকতে দেওয়া হয়নি। আইনে আছে রাষ্ট্রের সব নাগরিক বিবিএসের তথ্য সংগ্রহে সহযোগিতা করতে বাধ্য।
বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হক বলেন, একটি বৈরী পরিস্থিতির মধ্যে গণনাকাজ করতে হয়েছে। সে কারণে কিছু ত্রুটি থাকতে পারে। তবে তা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য মাত্রার মধ্যেই রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বাদ পড়ার হার সব অঞ্চলে এক রকম ছিল না। সিটি করপোরেশন এলাকায় বাদ পড়া সবচেয়ে বেশি। কারণ এসব এলাকায় দ্রুত ব্যবসা স্থানান্তর, নতুন উদ্যোগের সূচনা এবং অস্থায়ী বা অনিবন্ধিত প্রতিষ্ঠানের আধিক্য দেখা যায়। ক্ষুদ্র সেবাভিত্তিক ব্যবসা, অস্থায়ী স্টল, ফুটপাতের দোকান এবং অনানুষ্ঠানিক খাতের ইউনিট অধিক হারে বাদ পড়েছে।