দিনাজপুরের কাহারোল উপজেলায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও পণ্যবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।
সোমবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের দশমাইল টেক্সটাইল মোড় বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোস্তাফিজুর রহমান (৩৮), সোহানুর রহমান সোহান (৩২) ও ফয়জার উদ্দিন (৪২)।
দশমাইল হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঠাকুরগাঁওগামী যাত্রীবাহী বিআরটিসি বাসটি দশমাইলের টেক্সটাইল মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় কয়েকটি ক্লিনিকে ভর্তি করান।