চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে রপ্তানি হয়েছে কাঁচকলা। এবারই প্রথম দেশ থেকে কাঁচকলা রপ্তানি হলো। গত ৩১ মার্চ কাঁচকলা নিয়ে জাহাজটি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়।
এর আগে বিমানের পাশাপাশি জাহাজে করে বিভিন্ন দেশে টমেটো, তরমুজ, পেয়ারা, আলু, লাউসহ বিভিন্ন ধরনের সবজি রপ্তানি হয়ে আসছিল।
সোমবার চট্টগ্রাম সমুদ্র বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক নাছির উদ্দীন বলেন, ‘সাত্তার ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান মালয়েশিয়ায় কাঁচকলা রপ্তানির জন্য গত ৩০ মার্চ আবেদন করে। আমরা যাচাই-বাছাই শেষে ওইদিনই রপ্তানির অনুমতি দিয়েছি। ওই প্রতিষ্ঠানটি ৪.৫ মেট্রিক টন কাঁচকলা মালয়েশিয়ায় রপ্তানি করেছে। এর আগে জাহাজে করে কাঁচকলা বিদেশে রপ্তানি হয়নি। বগুড়ার শিবগঞ্জ থেকে এসব কাঁচকলা সংগ্রহ করা হয়। রপ্তানির বিষয়টি ছিল পরীক্ষামূলক।’
রপ্তানিকারক প্রতিষ্ঠানের সিঅ্যান্ডএফ এজেন্ট স্কাই সি ল্যান্ডের ম্যানেজার তৌহিদুল ইসলাম বলেন, ‘৪.৫ টন কলাভর্তি শীতাতপ নিয়ন্ত্রিত কন্টেইনার বহনকারী জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে সম্প্রতি মালয়েশিয়ার পোর্ট কেলাংয়ের উদ্দেশ্যে যাত্রা করেছে। কলার পণ্য চালানটির মূল্য ছয় হাজার মার্কিন ডলার। ওই চালানটিতে ১৭ টন গোল আলুও ছিল।’
চট্টগ্রাম ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব রানা বলেন, ‘এর আগে জাহাজে করে কলা রপ্তানি হয়নি। এটিই প্রথম। মালেশিয়ায় এসব কলা রপ্তানি হয়েছে। জাহাজের পাশাপাশি বিমানের কার্গো এবং যাত্রী ফ্লাইটে করেও দেশে উৎপাদিত সবজি বিভিন্ন দেশে রফতানি করা হয়।’
চট্টগ্রাম ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন সূত্র জানায়, চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইনসহ পৃথিবীর বিভিন্ন দেশে সবজি রপ্তানি হয়। বিশেষ করে, ওইসব দেশে বসবাস করা বাংলাদেশিদের মধ্যে দেশি সবজি ও ফলমূলের চাহিদা বেশি। তাদের চাহিদা মেটাতে চট্টগ্রাম থেকে প্রায় ১৫টি রপ্তানিকারক প্রতিষ্ঠান সবজি রপ্তানি করে থাকে। বাংলাদেশ থেকে প্রায় ৪০ ধরনের তাজা শাকসবজি ও ফলমূল রপ্তানি হয়ে থাকে। এর মধ্যে চাহিদা বেশি দেশি আলু, কচু, কচুর লতি, কচুর ফুল, কচুরমুখী, করোলা, তিত করলা, লাউ, চিচিঙ্গা, ফুলকপি, বাঁধাকপি, পটল, বেগুন, ঝিঙ্গা, শসা, শিমের বিচি ইত্যাদি সবজির। তাজা ফলমূলের মধ্যে রয়েছে কাঁঠাল, লিচু, জলপাই, কালোজাম, আনারস, পানিফল, পান ইত্যাদি।