বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন




পাবনায় আ. লীগের ২ পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬ জনসহ আহত ১০

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ৮:৫৪ pm
pabna পাবনা
file pic

পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়নে আওয়ামী লীগের ২ পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৬ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে ইউনিয়নের চরবাঙ্গাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার হেমায়েতপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা ছিল। সভায় এক নেতার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে হট্টগোল তৈরি হয়।

হেমায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আজাদ শেখ বলেন, ‘গতকালের হট্টগোলের জের ধরে আজ মঙ্গলবার দুপুরে মুজিব বাঁধ এলাকায় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজু মন্ডল ও সাধারণ সম্পাদক আনিসুর রহমানের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।’

তিনি জানান, সংঘর্ষে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয় এবং তাদের মধ্যে ৫-৬ জন গুলিবিদ্ধ হয়েছে।

ওসি কৃপা সিন্ধু বালা বলেন, ‘খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় ছানাউল্লাহ নামে একজনকে আটক করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ করেনি।’

সংঘর্ষের বিষয়ে জানতে পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেনকে ফোন করলেও তিনি ধরেননি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD