রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন




জবিতে ছাত্রীকে হলে আটকে ৩ ঘণ্টা ছাত্রলীগের নির্যাতন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ ৪:১৪ pm
Jagannath University JU JnU জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়
file pic

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে এক ছাত্রীকে তিন ঘণ্টা কক্ষে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (১৭ মে) হল প্রভোস্টের মাধ্যমে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।

অভিযুক্তরা হলেন- তামান্না ইসলাম তন্বী, ইশিতা, ফাল্গুনী আক্তার, নিনজা শিকদার, ইরা এবং নাজমুন নাহার স্বর্ণা। তারা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

অভিযোগে বলা হয়েছে, গত মঙ্গলবার রাতে নিজেদের রুমের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে জুনিয়র রুমমেট রেবেকা খাতুনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রেবেকা হলের অন্য রুমের ছাত্রলীগ কর্মীদের নিয়ে এসে রুম আটকে ভুক্তভোগীকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন ও হেনস্তা করে। প্রায় তিন ঘণ্টা তার ওপর এ ধরনের নির্যাতনের পর ভুক্তভোগী শিক্ষার্থী অজ্ঞান হয়ে যায়।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, ‘আমি পাশের রুমেই থাকি। আমি এসে ভুক্তভোগীকে রুম থেকে বের করে নিয়ে যেতে চেয়েছি। কিন্তু রেবেকা, নিনজা ও ফাল্গুনীসহ সবাই তাকে ঘিরে রাখে, যাতে সে বের হতে না পারে। এক পর্যায়ে সে মোবাইল নিতে গেলেও তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে।’

এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘এটা আমাদের রুমের অভ্যন্তরীণ ঘটনা। কিন্তু আমার দুই ব্যাচ জুনিয়র বোটানি বিভাগের রেবেকা খাতুন হলের অন্য রুমের ৭-৮ জন মেয়েকে নিয়ে আমাদের রুমে এসে আমাকে শারীরিক, মানসিকভাবে লাঞ্ছিত ও মারধর করে। তারা সবাই মিলে রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত আমার ওপর এ মানসিক নিপীড়ন চালায়। নিনজা শিকদার নামের এক মেয়ে পুরো ঘটনা মোবাইলে ভিডিও করে। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই।’

এ বিষয়ে অভিযুক্ত নাজমুন নাহার স্বর্ণা বলেন, ‘বিষয়টি জানার পর আমি ম্যামকে সঙ্গে নিয়ে ওদের রুমে যাই। আমি গিয়ে ওদের শান্ত করার চেষ্টা করি। কিন্তু ওই শিক্ষার্থীকে মারধরের বিষয়ে আমি কিছু জানি না। এক পর্যায়ে আমি ওদের রুমে ম্যামকে রেখে নিচে চলে আসি। তারপর নাকি ওই শিক্ষার্থী আমাদের ছাত্রলীগের কর্মীদের গায়ে হাত দিয়েছে।’

ঘটনার সময় সেখানে উপস্থিত হলের আবাসিক শিক্ষক মানসুরা বেগম বলেন, ‘তুচ্ছ ঘটনার জেরে আবেগের বশবর্তী হয়ে এ কলহের সূত্রপাত হয়। অবস্থা বেগতিক জেনে আমি সেখানে উপস্থিত হই। আমি যাওয়ার পরও তারা আক্রমণাত্মক ছিল। ভুক্তভোগী শিক্ষার্থীকে তারা রুমের বাইরে যেতে দিচ্ছিল না। এমনকি মোবাইল ফোনটাও ধরতে দেয়নি। মূলত অন্য রুমের মেয়েদের নিয়ে আসার কারণেই ঘটনাটি এতদূর গড়ায়। আমি সবাইকে বোঝানোর চেষ্টা করার পরও তারা আমার সামনে বসেই আরও উত্তেজিত হয়ে উঠে।’

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার বলেন, ‘হলে বেশ কিছুদিন ধরে এ ধরনের ঘটনা ঘটছে। এ ধরণের ঘটনায় আমি শঙ্কিত। অভিযোগ পাওয়ার পর আমরা আলোচনায় বসেছি। তারপর দুপক্ষকে ডেকে বিষয়টি সমাধান করে দিয়েছি। এরপর থেকে যদি কেউ এরকম কাজে জড়ায় তাহলে তার সিট বাতিল করা হবে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD