গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছেন। এরমধ্যে ৭ জন ঢাকার এবং ২ জন ঢাকার বাইরের। এ নিয়ে সরকারি হিসাবে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৫৩ জনের মৃত্যু হলো।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১ হাজার ৫৬৫ জন। এরমধ্যে ঢাকা সিটিতে ৮০৪ এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ৭৬১ জন ভর্তি হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭ হাজার ৫৭৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৬২৩ এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৩ হাজার ৯৫০ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৯৫ হাজার ৮৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হন। এরমধ্যে ঢাকা সিটিতে ৪৬ হাজার ৯৩৩ এবং ঢাকার বাইরে ৪৮ হাজার ৯৪৪ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত যে ৪৫৩ জন মারা গেছেন। এরমধ্যে ঢাকা সিটিতে ৩৪৩ জন ও ঢাকার বাইরে ১১০ জন।
অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮৭ হাজার ৮৫১ জন। এরমধ্যে ঢাকা সিটিতে ৪২ হাজার ৯৬৭ এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৮৮৪ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৬৪৪ জন। এরমধ্যে ঢাকা সিটির ৯৭৮ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৬৬ জন।