রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন




নির্বাচন: যৌক্তিক সময় দিতে চাই, অনির্দিষ্টকালের জন্য নয়: ফখরুল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪ ৮:৫৯ pm
Bangladesh Nationalist Party BNP Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
file pic

‘অতীতের সব জঞ্জাল পরিষ্কার করে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে। এজন্য রাষ্ট্রের সব প্রতিষ্ঠান সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় সময় দিতে চাই, তবে এটি অনির্দিষ্টকালের জন্য নয়। বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার মাত্র তিন মাসে সব জঞ্জাল দূর করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছিলেন। রোববার বিকেলে সিলেটে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের আশা দেশের পরিবেশ ঠিক করে তারা দ্রুত নির্বাচন দেবেন। অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চায় বিএনপি, সব ধরনের সহায়তা করতে চায়। যৌক্তিক সময় দেব। অনেক জায়গায় সংস্কার করতে হবে তবে তা যেন দীর্ঘ না হয়। অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপি ৩১ দফা সংস্কার দাবি দিয়েছে বলে তিনি জানান।

মির্জা ফখরুল বলেন, ‘আন্দোলনের মধ্য দিয়েই খালেদা জিয়া মুক্ত হয়েছেন। তিনি কখনও মাথা নত করেননি। তারেক রহমানের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা আইনিভাবে মোকাবিলার চেষ্টা করছি। আমরা ইলিয়াস আলীসহ গুম হওয়া সবাইকে নিয়ে খুবই উদ্বিগ্ন। জাতিসংঘের একটি তদন্ত দলও এসেছে। আমরা আশাবাদী- সঠিক তথ্য পাব। সরকারও সুনির্দিষ্টভাবে এখনও কিছু বলেনি। আমরা তাদের অবস্থান সম্পর্কে পরিষ্কারভাবে জানতে চাই।’

বিএনপি মহাসচিব বলেন, দেশের একটি অংশ ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে। গত ১৫ বছরে এমন আকস্মিক বন্যা আমরা দেখিনি। ভারত তাদের বাঁধ খুলে দেওয়ায় এই ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। তারা বাঁধ খুলে দেওয়ার আগে কোনো পূর্বাভাসও দেয়নি। উজানের পানির বেশিরভাগ ভারত থেকে আসে। তিনি বলেন, অভিন্ন নদীর পানি বণ্টনের কোনো সুরাহা আজও হয়নি। পানি আগ্রাসনকে ভারত অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সিলেট থেকে এই পানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছিল। এম ইলিয়াস আলী এর নেতৃত্ব দিয়েছিলেন। যার ফলশ্রুতিতে তাকে গুম করা হয়েছে। তিনি বলেন, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দেশকে একটি স্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে। দেশ ঘুরে দাঁড়াচ্ছে। এ সময় ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন।

মতবিনিময়ে মির্জা ফখরুল আরও বলেন, ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের বিরোধিতা করায় বিএনপির নেতাকর্মীদের নামে ১ লাখ ৪৫ হাজার গায়েবি মামলা দেওয়া হয়েছে। এসব মামলায় ৬০ লাখ আসামি রয়েছেন। বিএনপি ক্ষমতায় গেলে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হবে।

চলমান বন্যা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় অনাকাঙ্খিত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষের দুর্ভোগ কমাতে কাজ করছে সরকার। বিএনপিসহ সকল রাজনৈতিক দলও বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে।

বেলা সাড়ে ১১টার দিকে আকাশ পথে মির্জা ফখরুল সিলেটে পৌঁছেন। দুপুর সোয়া ১২টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে হযরত শাহজালাল ও শাহপরাণ (রাহ.) এর মাজার জিয়ারত করেন। মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, উপদেষ্টা ও ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী প্রমুখ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD