রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন




জামায়াত-শিবির নিষিদ্ধের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪ ৫:০০ pm
Bangladesh Jamaat-e-Islami বাংলাদেশ জামায়াত ইসলামী
file pic

জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও এর সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার এ প্রজ্ঞাপন প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে এ সংক্রান্ত ফাইল আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর প্রজ্ঞাপন জারি হলো।

জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত বাতিলের কথা এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সূত্র জানিয়েছিল। মঙ্গলবার জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেছিলেন, নিবন্ধন বাতিলের বিরুদ্ধে যুক্তিসহ লিখিত আবেদন করা হয়েছে। জামায়াত ও শিবিরকে বৈধতা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্বরাষ্ট্র উপদেষ্টার মতামত নিয়ে জামায়াত-শিবিরের বৈধতা ফিরিয়ে দেওয়ার ফাইল আজ বুধবার আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রধান উপদেষ্টার চূড়ান্ত সিদ্ধান্তের পর গেজেট প্রকাশিত হয়।

১ আগস্ট নির্বাহী আদেশে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল গত আওয়ামী লীগ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জামায়াতকে নিষিদ্ধ করা হয়।

ওই সময় সরকারের নির্বাহী আদেশে জামায়া‌তে ইসলামী‌কে নি‌ষিদ্ধের সিদ্ধান্ত‌কে সংবিধানবিরোধী বলে উল্লেখ করে দল‌টি। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির নিষিদ্ধের নির্বাহী আদেশ প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া শুরু হয়। বৈধতা ফিরে পেতে আবেদন করে জামায়াত ও শিবির। এ আবেদনের পরিপ্রেক্ষিতে নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করলো অন্তর্বর্তীকালীন সরকার।

প্রজ্ঞাপন বাতিলের পর জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নিবন্ধন বাতিলের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হবে আগামী সপ্তাহে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ১৮ (১) ধারা অনুযায়ী জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে। কিন্তু এর পরই ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের পতন হয়। ছাত্র-জনতার এই আন্দোলনে জামায়াত-শিবিরের সক্রিয় অংশগ্রহণ ছিল। নিষিদ্ধ সংগঠন হয়েও ৫ আগস্ট থেকে জামায়াত প্রকাশ্যে তৎপরতা চালাচ্ছে এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ে বৈঠকসহ সব কার্যক্রমে অংশ নিচ্ছে।

সন্ত্রাসবিরোধী আইনের ১৯ ধারা অনুযায়ী, সরকার কোনো সংগঠনকে নিষিদ্ধ করলে, এ সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে লিখিতভাবে যুক্তি উপস্থাপন করে পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে। যা শুনানি করে ৯০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তি করবে সরকার।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD