রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন




বিএসএফ বাংলাদেশের মানুষকে বিনা উস্কানিতে গুলি করে হত্যা করছে: জামায়াত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ ১২:২২ pm
Bangladesh Jamaat-e-Islami বাংলাদেশ জামায়াত ইসলামী
file pic

ভারতের বিএসএফ প্রায়ই বাংলাদেশের মানুষকে বিনা উস্কানিতে ও বিনা কারণে পাখির মত গুলি করে হত্যা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সোমবার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

গোলাম পরওয়ার বলেন, ১ সেপ্টেম্বর রাতে মৌলভীবাজার জেলার কুলাউড়া সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে ১৪ বছরের কিশোরী স্বর্ণা দাস নিহত হওয়ার শোক কাটতে না কাটতেই আবার ভারতীয় বিএসএফের গুলিতে ৮ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে জয়ন্ত কুমার সিংহ নামক এক কিশোর নিহত ও ২ জন আহত হওয়ার ঘটনার নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই।

ভারতের এ আচরণে বাংলাদেশের জনগণ মর্মাহত ও উদ্বিগ্ন। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, ভারতের বিএসএফ প্রায়ই বাংলাদেশের মানুষকে বিনা উস্কানিতে ও বিনা কারণে পাখির মত গুলি করে হত্যা করছে। ভারতের বিএসএফের এ ধরনের আচরণ আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ সব সময়ই প্রতিবেশীদের কাছে বন্ধুসুলভ আচরণ কামনা করে। আমরা আশা করব, ভারত সরকার ভারত-বাংলাদেশ সীমান্তে অনাকাক্সিক্ষত হত্যাকাণ্ড বন্ধ করবে এবং নিহত কিশোর জয়ন্ত সিংহ ও কিশোরী স্বর্ণা দাসের হত্যাকাণ্ডের সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ভারতীয় বিএসএফের গুলিতে নিহত কিশোর জয়ন্ত সিংহ ও কিশোরী স্বর্ণা দাসের পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি এবং নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেয়ার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD