দুষ্কৃতকারীরা আবারো দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘গত ৬ সেপ্টেম্বর শান্তি সমাবেশে যোগদানের জন্য শীতলক্ষ্যা নদী পার হয়ে নবীগঞ্জ কমিউনিটি সেন্টারে পৌঁছালে একদল সশস্ত্র দুষ্কৃতকারী নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর ওপর হামলা চালায় এবং তাকে গুরুতর আহত করে। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতিসহ নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে।’
তিনি বলেন, ‘আবু আল ইউসুফ খান টিপুর ওপর দুষ্কৃতকারীদের বর্বরোচিত হামলা এবং তাকে গুরুতর আহত করার ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ। এসব সন্ত্রাসীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল, মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
টিপুর ওপর হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান এবং তার আশু সুস্থতা কামনা করেন ফখরুল।
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ও স্বৈরাচার শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বুধবার রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
এর আগে দলের যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
জাহিদ হোসেন জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত এবং বিগত ১৭ বছর ধরে থাকা স্বৈরাচারের বিরুদ্ধে গণআন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির উদ্যোগে আগামী ১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণসভা অনুষ্ঠিত হবে।
এদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হবে। পরদিন ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশের স্থান এখনো নির্ধারিত হয়নি। তবে নয়াপল্টন কিংবা সোহরাওয়ার্দী উদ্যান এই দুটি স্থানের যেকোনো একটিতে এই সমাবেশের আয়োজন করা হবে বলে জানান তিনি।
এছাড়া গণতন্ত্র দিবস উপলক্ষে ১৫ সেপ্টেম্বর বিভাগীয় পর্যায়ে ‘গণতন্ত্রের’ র্যালি অনুষ্ঠিত হবে বলেও জানান ডা. জাহিদ।