রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন




বিরাজনীতিকরণ দেখতে চাই না: মির্জা ফখরুল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ৪:১৮ pm
Mirz-fakhrul Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি Bangladesh Nationalist Party BNP Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর Bangladesh Nationalist Party BNP Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর bnp
file pic

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সরকারকে ততদিন পর্যন্ত সময় দেব যতদিনে যৌক্তিকভাবে সুষ্ঠু নির্বাচন করা যায়। বিরাজনীতিকরণ বা মাইনাস টু দেখতে চাই না। জঙ্গিবাদ দেখতে চাই না। উদার গণতন্ত্র দেখতে চাই।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে সময় দিচ্ছি, সময় দেব। কিন্তু কতদিন? আমরা সেই পর্যন্ত সময় দেব, যতদিনে যৌক্তিকভাবে সুষ্ঠু নির্বাচন করা যাবে।

শনিবার দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে বাংলাদেশে জাতীয় শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।

তিনি বলেন, কাঙ্খিত পরিবর্তন না হলে ব্যর্থ হবে জাতি। ছাত্র-জনতার বিজয় ধরে রাখতে না পারলে সবকিছু ব্যর্থ হবে।

আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ৫৩ বছর পরও এখন দেশের সবচেয়ে দুর্বল জায়গা শিক্ষাব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। কোনো জাতিকে উপরে উঠতে গেলে শিক্ষার বিকল্প নেই।

তিনি বলেন, শিক্ষকদের চাকরি জাতীয়করণ করলে সমস্যার সমাধান হবে না। আমাদের ছেলেরা যেভাবে লেখাপড়া শেষে পাস করে, তাতে একটি শুদ্ধ বাংলা লিখতে পারে না। শিক্ষাব্যবস্থা এমন জায়গায় চলে গেছে, সে শিক্ষা ব্যবস্থায় জাতির উন্নয়নে যে হিউম্যান রিসোর্স দরকার, সেটা আমরা তৈরি করতে পারিনি।

দলের নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি ক্ষমতায় এসে গেছে মনে করে হাওযায় যেন না ভাসি। না, ক্ষমতায় আসেনি। তাই ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তাকে বাইরে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে সমাবেশে জানান মির্জা ফখরুল।

শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে মহাসচিব চৌধুরী মূগিস উদ্দিন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রমুখ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD