রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন




ওবায়দুল কাদেরের অবস্থান সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্য ছিল না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৬ pm
Obaidul Quader General Secretary of Bangladesh Awami League kader আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
file pic

ওবায়দুল কাদেরের অবস্থান সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্য ছিল না। আমরা যদি জানতাম, তাহলে তাকে গ্রেপ্তার করা হতো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বিশেষ বৈঠকের পর এ মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত ৮ই নভেম্বর কলকাতায় পৌঁছেছেন উল্লেখ করে গত সোমবার মানবজমিনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ বিষয়ে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে জাহাঙ্গীর আলম আরও বলেন, আপনারা একটা উদাহরণ দেন যে কেউ লুকিয়ে আছে আমরা জেনেও তাকে ধরিনি। আমরা কাউকে ছাড় দিচ্ছি না।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ইন্টারপোলকে একটি নোটিশ পাঠানো হয়েছে এবং পরে আবার তাদের নোটিশ জারি করার কথা মনে করিয়ে দেয়া হয়েছে। গায়েবী মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা আবারও নিশ্চিত করতে চাই যে যারা দোষী নন তাদের কোনো ক্ষতি হবে না। পরিবর্তনে সময় লাগে। আমরা দুই দিনের মধ্যে সব পরিবর্তন করতে পারব না। এর জন্য ধৈর্যের প্রয়োজন।

আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো আছে। ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস নিয়ে অনেকে আশঙ্কা প্রকাশ করেছিল। এই হবে, ওই হবে বলেছিল। কিন্তু দুটি দিবস ভালোভাবে শেষ হয়েছে। ২৫শে ডিসেম্বর বড়দিন ও ৩১শে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটও ভালোভাবে শেষ হবে। পুলিশের মনোবলে আগের চেয়ে অনেক পরিবর্তন এসেছে। তাদের মনোবল বেড়েছে। একটা বড় ঘটনা ঘটার পর দুই দিনে পরিবর্তন আসবে না। একটা ঝড় হয়ে গেলে ঘরবাড়ি সংস্কারে সময় লাগে।

অনেক পুলিশ কাজে যোগ দিয়েও মামলার আসামি হওয়ার কারণে পালিয়ে গেছেন, এমন বক্তব্যের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কাজে যোগ দেয়ার পর পুলিশ পালিয়ে গেছে, এমন সংবাদ নেই। তারা কাজেই যোগ দেয়নি। আগের সরকারের প্রধানমন্ত্রীর আত্মীয়স্বজন ১৬ জন সংসদ সদস্য ছিল। সবাইকে তিনি আগে ভাগিয়ে দিয়েছেন। এখানেও এমন কিছু ঘটেছে। যেসব পুলিশ সদস্য পালিয়ে আছে, তারা অপরাধী। তাদের যেখানেই পাওয়া যাবে, ধরা হবে। কেউ খবর দিতে পারলে অপরাধীদের ধরা হবে।

উল্লেখ্য, মানবজমিনে এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কীভাবে দেশ ছেড়ে গেলেন তা জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) ১৫ দিনের মধ্যে এ ব্যাখ্যা দিতে বলা হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ’ সংঘটনের অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ কথা বলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD