রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন




ভারতের বাঁধের কারণে আমাদের নদী শুকিয়ে যাচ্ছে: তারেক রহমান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫ ৭:৪৫ pm
Tarique Rahman তারেক রহমান Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
file pic

ভারতের বেশ কিছু বাঁধের কারণে বাংলাদেশের নদী, খাল-বিল শুকিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, “ভারত বিভিন্ন বাঁধ নির্মাণের ফলে আমাদের প্রধান নদীগুলো শুকিয়ে গেছে। ফলে চাষাবাদে সমস্যা দেখা দিয়েছে। ভারত যে বাঁধ দিচ্ছে সেটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আন্তর্জাতিক অঙ্গনে এটি উপস্থাপন করতে হবে। বিগত সময়ে আমাদের সরকার বিষয়টি জাতিসংঘে উপস্থাপন করেছিল।”

বৃহস্পতিবার বিকালে মাগুরা শহরের নোমানী ময়দানের মিলনায়তনে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের দিনব্যাপী কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, “শহীদ জিয়া খালকাটা কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। এখন সেগুলো ভরাট হয়ে গেছে। একই সঙ্গে দেশের ছোট নদীগুলো ভরাট হয়েছে। বিগত পতিত সরকারের সময় নদী-খাল খনন কেমন হয়েছিল আপনারা জানেন? আমাদের এই অবস্থার উন্নয়ন ঘটাতে হবে। আবার খাল কেটে বাড়তি পানির ব্যবস্থা করতে হবে। যা শুকনো মৌসুমে কাজে লাগবে।”

তারেক রহমান বলেন, “বিগত সরকারের আমলে বিভিন্ন অনুষ্ঠানে ভারতীয় শিল্পীদের এনে দেশি শিল্পীদের অবজ্ঞা করা হয়েছে। এখন দেখছি, পাকিস্তান ইসলামাবাদ থেকে শিল্পী আনা হচ্ছে। এ কারণে ১৬ ডিসেম্বর আমরা ‘সবার আগে বাংলাদেশ’ এই শিরোনামে দেশি শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করেছি। এটি অব্যাহত রেখে আমাদের সংস্কৃতিতে বিদেশি আগ্রাসন প্রতিহত করতে হবে।”

কর্মশালায় বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহকারী প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহানা আক্তার, কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ, সদস্যসচিব মনোয়ার হোসেন খান।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD