রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন




মহান স্বাধীনতা দিবসে দলের কর্মসূচি জানালো বিএনপি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ৪:৩২ pm
Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
file pic

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে দলীয় কর্মসূচি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২৪ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬ মার্চ ভোর ৬টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। পরে সকাল ৮টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানস্থ কার্যালয় থেকে দলের জাতীয় নেতাসহ সর্বস্তরের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা এবং সকাল সাড়ে ৮টায় মধ্যে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকায় ফিরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে দলের জাতীয় নেতারাসহ সর্বস্তরের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। ওই দিনই মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হবে।

সারাদেশে জেলা, মহানগর, উপজেলা, পৌরসহ সকল ইউনিট মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজ উদ্যোগে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে।

দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সকল ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীকে কর্মসূচি সফল করার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এছাড়া মহান স্বাধীনতা দিবসের আগের দিন মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিএনপি’র জাতীয় নেতারাসহ দেশবরেণ্য ব্যক্তিরা সেই আলোচনা সভায় বক্তব্য রাখবেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD