মুনাফার হার বাড়লেও সবচেয়ে নিরাপদ বিনিয়োগ সঞ্চয়পত্র বিক্রি বাড়েনি; উল্টো কমেছে। জাতীয় সঞ্চয় অধিদপ্তর সোমবার সঞ্চয়পত্র বিক্রির হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, ২০২৫ সালের প্রথম মাস জানুয়ারিতে সঞ্চয়পত্রের নিট বা প্রকৃত বিক্রির পরিমাণ ছিল ৪ হাজার ৭৬৯ কোটি টাকা ঋণাত্মক (-)।
এর মানে হচ্ছে, জানুয়ারিতে যতো টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে, তার চেয়ে ৪ হাজার ৭৬৯ কোটি টাকা বেশি আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের সুদ-আসল বাবদ পরিশোধ করেছে সরকার। এই অর্থ সরকারের কোষাগার থেকে অথবা ব্যাংক থেকে ঋণ নিয়ে শোধ করা হয়েছে।
গত বছরের জানুয়ারিতে সঞ্চয়পত্রের নিট বিক্রির পরিমাণ ছিল ১ হাজার ২৮৭ কোটি টাকা ঋণাত্মক (-)।
বিক্রি কমে যাওয়ায় জানুয়ারিতে সব ধরনের সঞ্চয়পত্রের সুদ বা মুনাফার হার বাড়ানো হয়। মেয়াদ পূরণ সাপেক্ষে সঞ্চয়পত্রের ধরন অনুসারে এ হার বেড়ে হয়েছে সর্বোচ্চ ১২ দশমিক ৫৫ শতাংশ। সবচেয়ে জনপ্রিয় পরিবার সঞ্চয়পত্রের সুদের হার ১১ দশমিক ৫২ শতাংশ থেকে বেড়ে সাড়ে ১২ শতাংশ করেছে অন্তর্বর্তী সরকার।
দেশের সাধারণ মানুষ সবচেয়ে বেশি অর্থ জমা রাখে ব্যাংকে। তারপর নিরাপত্তা ও অধিক মুনাফার আশায় সঞ্চয়পত্রে বিনিয়োগ করে। সঞ্চয়পত্রে বিনিয়োগকে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ বলা হয়ে থাকে। কিন্তু মুনাফার হার বাড়ানোর পরও সঞ্চয়পত্র কিনছে না মানুষ।
কেন মানুষ সঞ্চয়পত্র কেনা কমিয়ে দিয়েছে- এ প্রশ্নে অর্থনীতিবিদ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, “মূল্যস্ফীতির চাপে মানুষ খুবই কষ্টে আছে। শীত মৌসুমে বাজারে শাক-সবজির দাম কমায় জানুয়ারি ও ফেব্রুয়ারিতে কিছুটা কমলেও ৯ শতাংশের উপরে অবস্থান করছে।
“পরিবারের খরচ মেটাতেই পারছে না। মানুষের হাতে কোনও সঞ্চয় থাকে না; অনেকের ধার-কর্জ করে সংসার চালাতে হয়। সংসারই চলছে না, সঞ্চয়পত্র কিনবে কীভাবে।”
তিনি বলেন, “মুনাফার হার হ্রাস, নানা ধরনের কড়াকড়ি আরোপ ও উচ্চ মূল্যস্ফীতির কারণে বেশ কিছুদিন ধরেই সঞ্চয়পত্র বিক্রি কম হচ্ছিল। মানুষ যতো টাকার সঞ্চয়পত্র কিনছিল, তার চেয়ে বেশি ভাঙাছিল। সে কারণেই নিট বিক্রি নেগেটিভ হয়েছে।”
“এখন মুনাফার হার বাড়ানোর পরও বিক্রি বাড়ছে না। এর কারণ, সঞ্চয়পত্র কেনার মতো যথেস্ট সঞ্চয় নেই মানুষের। অতীতে দেখা গেছে, প্রবাসীদের রেমিটেন্স বাড়লে সঞ্চয়পত্র বিক্রি বাড়ে। কিন্তু তারও কোনও প্রভাব দেখা যাচ্ছে। গত কয়েক মাস ধরে রেমিটেন্স প্রবাহে উল্লম্ফন দেখা যাচ্ছে; তবু সঞ্চয়পত্র বিক্রি বাড়ছে না।”
এ বি মির্জ্জা আজিজুল ইসলাম আরও বলেন, “ক্ষমতার পট পরিবর্তনের পর দেশের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হয়েছে। মানুষ যা আয় করছে, তা নিয়ে সংসারই চলছে না। সঞ্চয় করবে কীভাবে; সঞ্চয়পত্র কিনবে কীভাবে?”
সঞ্চয় অধিদপ্তরের তথ্যে দেখা যায়, চলতি ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) সঞ্চয়পত্রের নিট বা প্রকৃত বিক্রির পরিমাণ ছিল ৭ হাজার ১৩ কোটি ২৪ লাখ টাকা ঋণাত্মক (-)।
অর্থাৎ এই সাত মাসে যতো টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে, তার চেয়ে ৭ হাজার ১৩ কোটি ২৪ লাখ টাকা বেশি আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের সুদ-আসল বাবদ পরিশোধ করেছে সরকার। এই অর্থ সরকারের কোষাগার থেকে অথবা ব্যাংক থেকে ঋণ নিয়ে শোধ করা হয়েছে।
গত ২০২৩-২৪ অর্থ বছরের একই সময়ে সঞ্চয়পত্রের নিট বিক্রির পরিমাণ ছিল ৭ হাজার ৩৫০ কোটি ৩৩ লাখ টাকা ঋণাত্মক (-)।
আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের সুদ-আসল গ্রাহকদের পরিশোধের পর যেটা অবশিষ্ট থাকে, তাকে বলা হয় নিট বা প্রকৃত বিক্রি। ওই অর্থ সরকারের কোষাগারে জমা থাকে এবং সরকার তা রাষ্ট্রীয় কর্মসূচি বাস্তবায়নে কাজে লাগায়। বিনিময়ে সঞ্চয়পত্রের গ্রাহকদের প্রতি মাসে সুদ দিতে হয়।
এ কারণে অর্থনীতির পরিভাষায় সঞ্চয়পত্রের নিট বিক্রিকে সরকারের ‘ঋণ’ বা ‘ধার’ হিসেবে গণ্য করা হয়।
এ হিসাবে চলতি অর্থ বছরের জুলাই-জানুয়ারি সময়ে সরকার সঞ্চয়পত্র থেকে কোনও ‘ঋণ’ বা ‘ধার’ নিতে পারেনি। উল্টো ৭ হাজার ১৩ কোটি ২৪ লাখ টাকা কোষাগার থেকে গ্রাহকদের সুদ-আসল বাবদ দিতে হয়েছে।
চলতি ২০২৪-২৫ অর্থ বছরে দেশের প্রধান কর আদায়কারী সংস্থা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। আদায় হতাশাজনক হওয়ায় ইতোমধ্যেই সেই লক্ষ্যমাত্রা কমিয়ে লক্ষ্যমাত্রা ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত এনবিআরের হালনাগাদ পরিসংখ্যানের তথ্য বলছে, চলতি অর্থ বছরের প্রথম আট মাসের (জুলাই-ফেব্রুয়ারি) সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৮০ হাজার ৫৯ কোটি ২১ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ২ লাখ ২১ হাজার ৮১৭ কোটি ৯ লাখ টাকা; অর্থাৎ এ সময়ে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৫৮ হাজার ২৪২ কোটি টাকা।
২০২৪-২৫ অর্থ বছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট দিয়েছিল বিদায়ী আওয়ামী লীগ সরকার। এর মধ্যে ঘাটতি ধরা আছে ২ লাখ ৫১ হাজার ৬০০ কোটি টাকা। এই ঘাটতি পূরণে সঞ্চয়পত্র থেকে ১৫ হাজার ৪০০ কোটি টাকা টাকা ঋণ বা ধার করার লক্ষ্য ধরা আছে।
রাজস্ব আদায় কমে যাওয়ায় সঞ্চয়পত্র থেকে ঋণ বাড়াতে চাইছে সরকার। সে কারণেই সব ধরনের সঞ্চয়পত্রের সুদের হার বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বিক্রি কমায় গত ২০২৩-২৪ অর্থ বছরে ২০২৩ সালের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ জুন) সঞ্চয়পত্র থেকে কোনও ঋণ পায়নি সরকার। উল্টো ২১ হাজার ১২৪ কোটি ৩৮ লাখ টাকা আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের সুদ-আসল বাবদ পরিশোধ করতে হয়েছিল।
অর্থাৎ গত অর্থ বছরে সঞ্চয়পত্রের নিট বিক্রির পরিমাণ ছিল ২১ হাজার ১২৪ কোটি ৩৮ লাখ টাকা ঋণাত্মক (-)।
সঞ্চয়পত্র বিক্রি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বিক্রির চাপ কমাতে ২০১৯ সালের ১ জুলাই থেকে মুনাফার ওপর উৎসে করের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়। একই সঙ্গে এক লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে টিআইএন (কর শনাক্তকরণ নম্বর) বাধ্যতামূলক করা হয়।
ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে সঞ্চয়পত্র বিক্রি না করার শর্ত আরোপসহ আরও কিছু কঠোর ব্যবস্থা নেওয়া হয়। তারপরও বাড়তে থাকে বিক্রি।
২০২১ সালের ২২ সেপ্টেম্বর থেকে ১৫ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে সব ধরনের সঞ্চয়পত্রের সুদের হার ২ শতাংশের মতো কমিয়ে দেয় তখনকার সরকার।
কোন সঞ্চয়পত্রে মুনাফার হার কত বেড়েছে
জানুয়ারিতে প্রচলিত সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হারই বেড়েছে। যেকোনো সঞ্চয়পত্রে মেয়াদের প্রথম বছরে মুনাফার হার কম থাকে, মেয়াদ পূর্ণ হওয়ার বছরে মুনাফার হার সবচেয়ে বেশি।
সঞ্চয় অধিদপ্তরের আওতায় যত ধরনের সঞ্চয়পত্র রয়েছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পরিবার সঞ্চয়পত্র।
পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার পর এত দিন পরিবার সঞ্চয়পত্রে মুনাফার হার ছিল ১১ দশমিক ৫২ শতাংশ। এখন মুনাফা বৃদ্ধির ফলে এই সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগ থাকলে মেয়াদ পূর্তিতে মুনাফার হার হবে সাড়ে ১২ শতাংশ। আর সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগ থাকলে মুনাফার হার হবে কিছুটা কম, ১২ দশমিক ৩৭ শতাংশ।
পাঁচ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগ থাকলে মেয়াদ পূর্তিতে মুনাফার হার হবে ১২ দশমিক ৫৫ শতাংশ। আর সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগ করলে মুনাফার হার হবে ১২ দশমিক ৩৭ শতাংশ। এত দিন এই সঞ্চয়পত্র কিনলে পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার পর মুনাফার হার ছিল ১১ দশমিক ৭৬ শতাংশ।
পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফার হারও বেড়েছে। এতদিন এই সঞ্চয়পত্রে মুনাফার হার ছিল সর্বোচ্চ ১১ দশমিক ২৮ শতাংশ। এখন থেকে এই সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগ থাকলে মেয়াদ পূর্তিতে মুনাফার হার দাঁড়াবে ১২ দশমিক ৪০ শতাংশ। আর সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার হবে ১২ দশমিক ৩৭ শতাংশ।
তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে বিনিয়োগ করলেও বেশি মুনাফা পাওয়া যাবে।
এত দিন এই সঞ্চয়পত্র কিনে তিন বছর পর মেয়াদ পূর্তির বছরে মুনাফার হার দাঁড়াত ১১ দশমিক শূন্য ৪ শতাংশ। নতুন নিয়মে এই সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদ পূর্তিতে মুনাফার হার হবে ১২ দশমিক ৩০ শতাংশ। আর সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদ পূর্তিতে মুনাফার হার হবে ১২ দশমিক ২৫ শতাংশ।
ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদি হিসাবেও মুনাফার হার বাড়ানো হয়েছে। তিন বছরে মেয়াদ পূর্তি শেষে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফার হার বাড়িয়ে করা হয়েছে ১২ দশমিক ৩০ শতাংশ। আর সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এই হার ১২ দশমিক ২৫ শতাংশ।
অর্থনীতির সবচেয়ে উদ্বেগজনক সূচক এখন মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সবশেষ তথ্যে দেখা যায়, গত মাস ফেব্রুয়ারিতে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে (মাসওয়ারি বা মাসভিত্তিক) দেশে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৩২ শতাংশ। আগের মাস জানুয়ারিতে এই হার ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সঞ্চয়পত্র বিক্রি করে সরকারের নেওয়া ঋণের পুঞ্জীভূত পরিমাণ ২০২৪ সালের জানুয়ারি শেষে ছিল ৩ লাখ ৬০ হাজার ৪৩ কোটি টাকা। ২০২৫ সালের জানুয়ারি শেষে তা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৩৯ হাজার ২৫৬ কোটি টাকায়।