সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজারের উন্নয়নের জন্য আমাদের যে পরিবর্তন আনা দরকার তা হলো আস্থার সংকট থেকে উত্তরন। বিনিয়োগকারীদেরকে আস্বস্ত করতে হবে। আগমাী দিনে আমাদের দল ক্ষমতায় আসলে আমরা পুঁজিবাজার ওউন করবো।
সোমবার (১৪ জুলাই) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ‘পুঁজিবাজার পুনর্গঠন ও বাস্তবতা’ শীর্ষক এক কর্মশালায় বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমির খসরু বলেন, পুঁজিবাজারের বিকাশ কেবল কয়েকটি ভালো কোম্পানিকে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) দেওয়ার সুযোগ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়।
তিনি সতর্ক করে বলেন, নিয়ন্ত্রক সংস্থাগুলোর অতিনিয়ন্ত্রণ এবং শক্তিশালী স্বনিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় বাজারের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাধাগ্রস্ত হচ্ছে।
বাংলাদেশের অর্থনীতির সঠিক বিকাশ নিশ্চিত করতে তিনি অর্থনীতির ‘গণতান্ত্রিকীকরণ’-এর ওপর গুরুত্বারোপ করেন। বিএনপি নেতা বলেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের অগ্রসরমান অর্থনীতিতে বিনিয়োগের সুযোগের অপেক্ষায় রয়েছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে মৌলিক পরিবর্তন না এলে কোনো বড় ধরনের সংস্কার সম্ভব নয়।
পুঁজিবাজারে বিনিয়োগ বিষয়ে বিএনপির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আমির খসরু বলেন, “আমরা যদি ক্ষমতায় যাই, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি—অর্থনীতি এবং পুঁজিবাজারকে আরও শক্তিশালী করব।”
ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, ডিএসইর , সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) সভাপতি গোলাম সামদানী ভূইয়া।
ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, রেগুলেশনকে আরও বাজারমুখি করতে হবে। বাংলাদেশের অর্থনীতিতে বাজার কখনোই রিলেভ্যান্ট ভূমিকা পালন করতে পারেন নাই। দেশের অর্থনৈতিক কোন সিদ্ধান্তে পুঁজিবাজার থাকেনা। তবে এই অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।
সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান বলেন, আমাদের বাজারে নতুন কোন ভালো শেয়ার নেই। গত ৯ মাসে মাত্র ১ টা কোম্পানি বাজারে এসেছে। এছাড়াও বিগত সরকারের কয়েক বছরে যে পরিমাণ কোম্পানি বাজারে এসেছে তা যথেষ্ট নয়। এরপরেও বাজারের উন্নয়ন হয়েছিলো। যেটুকু হয়েছিলো তা নানা ভাবে মেনিপুলেশনের মাধ্যমে নষ্ট করা হয়েছে।
সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূইয়া বলেন, পুঁজিবাজার থেকে দেশের শিল্পের বিকাশ হওয়ার কথা ছিলো। তা তো হয়নি বরং অনেক মানুষ এই পুঁজিবাজারে বিনিয়োগ করে সবকিছু হারিয়েছে। বিগত সরকারের সময়ে এই বাজারকে নিজেদের স্বার্থে কাজে লাগিয়েছে অনেকে।
ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, বাজারকে নিয়ে দায়িত্বশীল তথ্য প্রদান করেন৷বাজার এখন ভালোর দিকে। তাই বাজারকে প্রায়োরিটিতে রেখে ভালো শেয়ার আনতে হবে এবং বাজারে যেন কারসাজি না হয় সেদিকে নজর রাখতে হবে।