নির্বাচন কমিশনে (ইসি) জাতীয় পার্টি ও ১৪ দলের নিবন্ধন স্থগিতের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে দলটির ২০২৪ পঞ্জিকা বছরের আর্থিক বিবরণী জমার দেয়ার পর এ দাবির কথা জানান দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
বৈঠকে আওয়ামী লীগ ও এর সহযোগীদের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়ার দাবিতে পুর্বের দেয়া চিঠির অগ্রগতি সম্পর্কে সিইসির কাছে জানতে চায় দলটি।
এ বিষয়ে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সিইসি তাদের জানিয়েছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের পদধারী কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।
আরও পড়ুন: জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট, পরে যোগদান
তিনি বলেন, যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বানিয়েছে, সেই জাতীয় পার্টি ও ১৪ দলের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না।
এ সময় আশঙ্কা প্রকাশ করে রাশেদ খান আরও বলেন, এদের স্থগিত না করলে আওয়ামী লীগের ভোট জাপায় আসার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, দলটির ২০২৪ সালের আর্থিক বিবরণীতে আয় দেখানো হয়েছে ৪৬ লাখ ৪ হাজার ৩০০ টাকা এবং ব্যয় দেখানো হয়েছে ৪৫ লাখ ৯৬ হাজার ৮৮ টাকা। দলটির উদ্বৃত্ত রয়েছে ১৩ হাজার ২১২ টাকা।