শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন




শুল্ক কমানোতে সন্তোষ বিএনপির, সরকারকে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ জামায়াতের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ ৯:২৯ pm
Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি-জামায়াত Bangladesh Jamaat-e-Islami বাংলাদেশ জামায়াত ইসলামী
file pic

যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশে নিয়ে এসেছে। এই সিদ্ধান্তকে বিএনপি সন্তোষজনক মনে করলেও তারা নতুন বাজার খুঁজে বের করার ওপর জোর দিচ্ছে। অন্যদিকে, জামায়াত সরকারকে আরও উদ্যোগী হয়ে শুল্ক কমানোর প্রচেষ্টা চালিয়ে যেতে আহ্বান জানিয়েছে।

শুল্ক কমানোর সিদ্ধান্তকে ‘সন্তোষজনক’ বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে তিনি সতর্ক করে বলেন, ‘শুধু আমেরিকা নির্ভরশীল অর্থনীতি হতে পারে না, তাই যুক্তরাষ্ট্রের বাইরে নতুন বাজার খুঁজে বের করার তাগিদ দেন তিনি।’

আমীর খসরু বলেন, ‘২০ শতাংশ শুল্ক প্রতিযোগিতার দিক দিয়ে সন্তোষজনক। পাকিস্তানে ১৯ শতাংশ, ভারতে ২৫ শতাংশ, ভিয়েতনামে ২০ শতাংশ। তাই তুলনামূলকভাবে আমাদের অবস্থান মন্দ না। তবে পুরো নেগোশিয়েশন কী ছিল তা জানার পরই এর প্রকৃত প্রভাব বোঝা যাবে।’

তিনি আরও বলেন, ‘শুধু শুল্ক কত কমলো সেটা দেখলেই হবে না। এর পেছনে কী দিতে হয়েছে, কী দাবি-দাওয়ার ভিত্তিতে হয়েছে, সেটা সরকারকে খোলাসা করতে হবে। আমাদের অর্থনীতি কতটা ‘এবজরভ’ করতে পারবে, সেটাই বড় প্রশ্ন।’

এদিকে এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘সরকারি যোগাযোগের মাধ্যমে ১৫ শতাংশ শুল্ক কমানো হয়েছে, এটা অবশ্যই একটি অগ্রগতি। তবে আমরা চাই শুল্ক আরও কমাতে হবে এবং সে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’

তিনি বলেন, ‘আমরা আশা করি সরকার এখানেই থেমে থাকবে না। ট্যারিফ কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্য আলোচনায় আরও শক্ত অবস্থান নিতে হবে।’

উল্লেখ্য, গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন। পরে একাধিক দফা আলোচনার পর ওয়াশিংটন বাংলাদেশি পণ্যের জন্য শুল্ক হার ২০ শতাংশে নির্ধারণ করে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD