ইসলামী ব্যাংক বাংলাদেশের মুনাফায় ধস নেমেছে। ২০২৪ সালে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১০৯ কোটি টাকা। এর আগের বছর ৬৩৬ কোটি টাকা নিট মুনাফা করেছিল বলে জানিয়েছিল ব্যাংকটি। এ হিসাবে এক বছরের ব্যবধানে নিট মুনাফা কমেছে ৫২৬ কোটি টাকা বা ৮৩ শতাংশ।
গত মঙ্গলবার পরিচালনা পর্ষদের সভায় ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর প্রকাশিত শেয়ারপ্রতি নিট মুনাফা (ইপিএস) হিসাব করে এ তথ্য মিলেছে। তবে ইপিএসে ধস নামলেও সে তুলনায় শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) কমেছে সামান্যই, মাত্র ২ শতাংশ। এদিকে গত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ব্যাংকের পর্ষদ।
বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি পাওয়ার পর গত মঙ্গলবার ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করে। এতে দেখা গেছে, অভিহিত মূল্য ১০ টাকার প্রতিটি শেয়ারের বিপরীতে ৬৮ পয়সা হারে নিট মুনাফা করেছে, যা আগের বছর ছিল ৩ টাকা ৯৫ পয়সা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ১৬০ কোটি ৯৯ লাখ ৯১ হাজার। গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে ইসলামী ব্যাংক গত বছরের ইপিএস ও এনএভির তথ্য প্রকাশ করে।
পর্ষদ অনুমোদিত নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ডিসেম্বর শেষে ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ৪৪ টাকা ৩৬ পয়সা, যা আগের বছর ছিল ৪৫ টাকা ২৪ পয়সা। এ হিসাবে সম্পদ মূল্য কমেছে মাত্র ১৪২ কোটি টাকা বা ১ দশমিক ৯৫ শতাংশ।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত হিসাবে গত ডিসেম্বর শেষে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে ৬৫ হাজার ৭১৬ কোটি টাকা ছাড়িয়েছিল, যা মোট ঋণের ৪২ দশমিক ২২ শতাংশ। ব্যাংকটির মোট ৭৭ হাজার ৫৩৩ কোটি টাকার ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণের আইনি বাধ্যবাধকতা ছিল। অথচ রাখতে পেরেছে মাত্র ৭ হাজার ৭১৭ কোটি টাকা। এ ক্ষেত্রে ঘাটতি ছিল ৬৯ হাজার ৮১৬ কোটি টাকা।
ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান বলেন, ব্যাংকের সম্পদের উল্লেখযোগ্য সমস্যা নেই। তবে খেলাপি ঋণের বিপরীতে বড় অঙ্কের প্রভিশন করতে হয়েছে। এ কারণে মুনাফা কমেছে। লভ্যাংশ দিতে না পারার কারণ বিষয়ে তিনি বলেন, খেলাপি ঋণের বিপরীতে যে পরিমাণ প্রভিশন সংরক্ষণের প্রয়োজন ছিল, তা রাখা যায়নি। বাংলাদেশ ব্যাংক শর্ত দিয়েছে, পর্যাপ্ত প্রভিশন সংরক্ষণ করা ছাড়া লভ্যাংশ ঘোষণা করা যাবে না।
লভ্যাংশ ঘোষণা করতে না পারায় কোনো ‘আফসোস’ নেই মন্তব্য করে ব্যবস্থাপনা পরিচালক বলেন, ব্যাংকটি যিনি লুট করেছেন, তাঁর দেশে ও বিদেশে ২৪ প্রতিষ্ঠানের নামে ৮২ শতাংশ শেয়ার রয়েছে, যা এরই মধ্যে আদালতের আদেশে অবরুদ্ধ করা হয়েছে। এই শেয়ারের বিপরীতে ভোটিং ক্ষমতাও স্থগিত করা হয়েছে। এখন আইনি প্রক্রিয়ায় এই শেয়ার সরকারের মালিকানায় নেওয়ার প্রক্রিয়া চলছে।