জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত এবং মতবিনিময় সভায় মিলিত হন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
মঙ্গলবার রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমীরের কার্যালয়ে এই সাক্ষাতকার অনুষ্ঠিত হয়। এ সময় তার সঙ্গে ছিলেন পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর কামরান ধাংগল।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মতবিনিময়কালে বাংলাদেশ ও পাকিস্তানের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা এবং ভ্রাতৃপ্রতিম উভয় দেশের পারস্পরিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আমীরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।