রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন




একীভূত করতে ৫ ব্যাংকে প্রশাসক বসানো হবে: বাংলাদেশ ব্যাংক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ৭:২৬ pm
Central Bank কেন্দ্রীয় ব্যাংক Bangladesh Bank bb বাংলাদেশ ব্যাংক বিবি
file pic

বেসরকারি খাতের শরীয়াহভিত্তিক ৫ ব্যাংক একীভূত(মার্জ) করার উদ্যোগে প্রথম ধাপে ব্যাংকগুলোতে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত পরিচালক পর্ষদের বিশেষ সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, ‘‘ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ৫ ব্যাংক একীভূত করতে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন প্রক্রিয়া অনুসরণ করতে প্রশাসক বসানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।’’

একীভূত হতে যাওয়া ৫ ব্যাংক বিলুপ্ত করে একটি নতুন শরীয়াহভিত্তিক ব্যাংকের নামে সম্পদ ও দায় হস্তান্তর করা হবে। শতভাগ রাষ্ট্রীয় মালিকানায় হয় নতুন শরীয়াহভিত্তিক ব্যাংকটি।

মার্জ হতে যাওয়া ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।

কবে নাগাদ ও কাদের প্রশাসক হিসেবে ব্যাংকগুলোতে নিয়োগ দেয়া হবে এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায়। কেন্দ্রী ব্যাংকের নীতিবিভাগ এ বিষয়ে নাম প্রস্তাবের পর গভর্নর অনুমোদন দিবেন।

প্রশাসক নিয়োগ দেয়ার পর থেকে ব্যাংকগুলোর পরিচালক পর্ষদ নিস্ক্রিয় হয়ে যাবে জানিয়ে আরিফ হোসেন বলেন, ‘‘একটা টিমওয়ার্ক হিসেবে কাজ করবে তারা। প্রশাসক সব কিছুর সঙ্গে সমন্বয় করবেন।’’

এতে ব্যাংকের পর্ষদের এককভাবে কোনো সিদ্ধান্ত নেয়ার সুযোগ থাকবে না। প্রশাসক নিযুক্ত হওয়ার পর তাকে সহযোগিতা করতে প্রতি ব্যাংকে একটি টিম গঠন করা হবে। সেই টিম পরিচালনগত বিষয়ে সকল সিদ্ধান্ত নিবে।

ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের বাদ না দিলেও তিনি কার্যত নিস্ক্রিয় হয়ে পড়বেন। নির্বাহী ক্ষমতা তার কাছ থেকে সরিয়ে নিয়ে প্রশাসকের অধীনে দেয়া হবে।

পরবর্তীতে সংশ্লিষ্ঠ ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক চাইলে ব্যবস্থাপনা পরিচালকদের অপসরাণ বা নিয়োগ বাতিল করা হবে।

ব্যাংক খাত সংস্কারের জন্য গঠিত টাক্সফোর্সের সঙ্গে সমন্বয় করে নিযুক্ত হওয়া প্রশাসকরা ব্যাংকগুলো পরিচালনা করবেন। একীভূত করার প্রক্রিয়ায় টাক্সফোর্সের নির্দেশনা অনুযায়ী তথ্য-উপাত্ত সরবরাহ করবেন ৫ ব্যাংকের প্রশাসক। বিষয়টিকে একটি ‘টিম ওয়ার্ক’ হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।

মার্জারের পরিকল্পনা বাস্তবায়নে ব্যাংকের সম্পদের মান পর্যালোচনা (অ্যাসেট কোয়ালিটি রিপোট বা একিউআর) করেছে কেন্দ্রীয় ব্যাংক আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠান দিয়ে।

এগুলোর সম্মিলিত খেলাপির পরিমাণ ৭৭ শতাংশের বেশি। আন্তর্জাতিক মানদন্ডে কোন ব্যাংকের খেলাপি ৩০ শতাংশের বেশি হলে সেটি অবলোপন বা পুনর্গঠনের উপযুক্ত। ব্যাংক একীভূত করতে বাংলাদেশ ব্যাংকও একটি মানদণ্ড নির্ধারণ করে সার্কুলার দিয়েছে।
এর মধ্যে এক্সিম ও এসআইবিএল ব্যাংক মার্জ হতে আপত্তি জানিয়ে আসছে। দুটো ব্যাংকের পরিচালকরা মনে করছেন, সময় দিলেই তারা ঘুড়ে দাঁড়াতে পারবে।

পট পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নিয়োগ দেওয়া এ দুটো ব্যাংকের পরিচালকরা ঘুড়ে দাঁড়ানোর বিস্তারিত পরিকল্পনাও জমা দিয়েছে।
তা্রপরও সরকারের পক্ষ থেকে ৫ ব্যাংক বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়ে প্রাথমিকভাবে ৩০ হাজার কোটি টাকার বরাদ্দ দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। এজন্য অর্থমন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ওয়ার্কি কমিটিও গঠন করা হয়েছে।
নতুন একটি ব্যাংক গঠন করে বাংলাদেশ ব্যাংকের কাছ লাইসেন্স নিবে অর্থমন্ত্রণালয়। প্রস্তাবিত সেই শরীয়াহভিত্তিক ব্যাংকের নাম এখনো চূড়ান্ত হয়নি।
নতুন ব্যাংকের লাইসেন্স নেয়া ও ৫ ব্যাংকের সম্পদ হস্তান্তরের আগ পর্যন্ত প্রশাসক বসিয়ে ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ নিতে চাইছে অর্থমন্ত্রণালয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD