শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন




ঐকমত্য কমিশন

মেয়াদ বাড়ানো সময়ক্ষেপণের কৌশলও হতে পারে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৪৫ am
Taher-আবদুল্লাহ-তাহের Syed Abdullah Muhammad Taher Jamaat-e-Islami সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জামায়াতে ইসলামীর জামায়াত ইসলামী
file pic

ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো প্রসঙ্গে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, মেয়াদ বাড়ালে যে ঐকমত্যে পৌঁছানো যাবে- এটা আমি মনে করি না। ঐকমত্যে পৌঁছানোর জন্য এক ঘণ্টাই যথেষ্ট। যা বের হওয়ার হয়েছে। সেটা ইচ্ছার উপর নির্ভর করছে, সিদ্ধান্তের উপর নির্ভর করছে। যারা চাইছে না রিফর্মটার আইনি ভিত্তি হোক এবং এর ভিত্তিতে আইনি ভিত্তিতে হোক। মূলত তারাই এই সমস্যা তৈরি করছে। এই মানসিকতা যদি পরিবর্তন না হয় তাহলে নির্বাচনের পর পর্যন্ত সময় নিলেও হবে না। কিন্তু আমার একটা সন্দেহ হয় এটা (টাইম কিল করার) সময়ক্ষেপণের কৌশল কিনা। এই প্রশ্নটি এখন মানুষের মাঝে আছে।

ঐকমত্য কমিশন দুই/তিন মাস ধরে কাজ করছে। আরও একটি মাস পর দেখা যাবে ঘুরে-ফিরে ব্যাক টু দি প্যাভিলিয়নে আমরা এসে দাঁড়িয়েছি।

মঙ্গলবার গুলশানে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বাংলাদেশে সফররত ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে মঙ্গলবার বিকালে জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল বৈঠক করে। জামায়াতের প্রতিনিধিদলের দুই নারী নেত্রী প্রফেসর ডা. হাবিবা আক্তার চৌধুরী সুইট ও খন্দকার আয়েশা খাতুনও উপস্থিত ছিলেন। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, চলমান সংস্কার প্রক্রিয়া এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জামায়াত সূত্র জানিয়েছে।

বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় তিনি বলেন, আসন্ন নির্বাচন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান। ইউরোপের অনেক দেশে পিআর পদ্ধতির নির্বাচন হয় দাবি করে আব্দুল্লাহ তাহের বলেন, এ ব্যাপারে তারা আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন। তিনি বলেন, আমরা পরীক্ষামূলকভাবে হলেও একবার পিআর পদ্ধতির নির্বাচনের কথা বলেছি। তারা আমাদের উৎসাহী করেছেন। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে আমরা ৩১টি রাজনৈতিক দল অংশ নিয়েছি, দিনের পর দিন আলোচনা করেছি। ২৬টি দল পিআরের পক্ষে। তবে কেউ কেবল উচ্চকক্ষ আর আমরা উভয়কক্ষে পিআর চাই। সুতরাং এটা বাস্তবায়ন রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভর করছে। আলোচনার টেবিলেও এটা সমাধান করা সম্ভব বলে মনে করেন জামায়াতের এই নেতা।

ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা প্রসঙ্গে সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে কথা হয়েছে। নির্বাচন সুষ্ঠু হবে কিনা? কীভাবে হবে? এসব বিষয়ে তারা মূলত কথা বলেছেন।
তিনি বলেন, বাংলাদেশে ৫৪ বছর পরে একটা পরিবর্তনের বিশেষ অপর্চুনিটি আসছে। আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশে প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য আন্তরিক এবং সচেতন।
কারণ, ৫৪ বছরে ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচন সুষ্ঠু হয়নি। আর বিগত ১৫ বছরে ৩টি নির্বাচনের কথা তো উল্লেখ করার প্রয়োজন নেই।

তিনি বলেন, পলিটিক্যাল পার্টিগুলোর যে কালচার, মেন্টালিটি, যে কৌশল বা অপকৌশল জোর করে কেন্দ্র দখল করে এমপি হয়ে ক্ষমতায় যাওয়া। এই মাইন্ডসেটটাকে পরিবর্তন করা অত্যন্ত জরুরি। কারণ আমরা দেখছি এত অভিজ্ঞতার পর, এত হত্যাকাণ্ডের পরে, এত রক্ত দেয়ার পরেও আমাদের মাইন্ডে খুব বেশি পরিবর্তন করা যাচ্ছে না। এটার সবচেয়ে বড় প্রমাণ ডাকসু এবং জাকসু নির্বাচন। এত ফেয়ার ইলেকশন হয়েছে এবং বিকাল ৪টা পর্যন্ত ইলেকশনে অংশগ্রহণ করেছে। তার পরেই বর্জন করেছে। যখন দেখছে হেরে যাবে তখনই বললো ইলেকশন মানি না। এর দ্বারা বোঝা যায় ফেয়ার ইলেকশন তারা পছন্দ করছে না।

তিনি বলেন, পিআর পদ্ধতিতে ইলেকশন হলে সেখানে একই এলাকায় এককভাবে কোনো প্রার্থী থাকবে, কেন্দ্র দখল করতে পারবে না। এজন্য আমরা কমপক্ষে একটি বার পরীক্ষামূলকভাবে পিআর সিস্টেম নির্বাচন চাই। যদি এটা ভালো না হয় তাহলে পরবর্তী টাইমে পরিবর্তন করবো। এজন্য আপার কক্ষে ও লোয়ার কক্ষে পিআর সিস্টেম চাচ্ছি এবং অধিকাংশ লোক পিআরের পক্ষে। তারাও বলেছেন, আমাদের অধিকাংশ দেশেই তো পিআর সিস্টেম। আমাদের কথা তারা সহজেই বুঝছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নির্বাচনে যাবো না এটা বলিনি। আমরা মনে করি পিআর পদ্ধতিটাই উত্তম এবং সে দাবি করছি, আমরা যুক্তি দিচ্ছি, আমরা বোঝানোর চেষ্টা করছি। আশা করছি আমাদের যুক্তি মানবে এবং সে ভিত্তিতেই আমরা নির্বাচনে যাবো।
আমরা আপার এবং লোয়ার উভয়কক্ষে পিআর নিয়ে আলোচনার টেবিলে যাওয়ার পক্ষে এবং আলোচনা করারও পক্ষে। তবে এর জন্য উদার মানসিকতা এবং নিরপেক্ষতার মানসিকতার প্রয়োজন। বৈঠকে ইউরোপিয়ান পার্লামেন্ট প্রতিনিধিদলে ছিলেন, মনির সাতৌরি, লুক্সেমবার্গ (ইপিপি), ইসাবেল ভিয়েডার-লিমা, পোল্যান্ডের (ইসিআর), আরকাদিসু মুলারচিক, এস্তোনিয়া (রিনিউ ইউরোপ) উরমাস পায়েট (নেদারল্যান্ডস) উপস্থিত ছিলেন।

জামায়াতের প্রতিনিধিদলে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD