রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন




বাংলাদেশ-পাকিস্তান জেইসি সচল হচ্ছে ২০ বছর পর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৩৪ pm
Bangladesh–pakistan বাংলাদেশ-পাকিস্তান Bangladesh pakistan বাংলাদেশ পাকিস্তান
file pic

প্রায় ২০ বছর ধরে অকার্যকর থাকা বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে জেইসির বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৬ ও ২৭ অক্টোবর ঢাকায় দুই দিনব্যাপী এ বৈঠক হবে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব। এতে উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি যোগাযোগ বাড়ানোর বিষয়ে জোর দেওয়া হবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা বলেন, জেইসির আওতায় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বিপক্ষীয় অর্থনৈতিক স্বার্থ বজায় রেখে লাভজনক কৌশল প্রণয়ন এবং বাস্তবায়নের উদ্যোগ থাকে এতে। এর মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতার নতুন খাত চিহ্নিত করার পাশাপাশি বিদ্যমান বাণিজ্য বাধা দূর করা যায়।

জানা গেছে, সভার আলোচ্যসূচিতে রাখার জন্য এরই মধ্যে পররাষ্ট্র, শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরপ্রধানের কাছে প্রস্তাব চেয়ে চিঠি দিয়েছে ইআরডি। বৈঠকে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য বাংলাদেশ থেকে আরও বেশি চা, পাটজাত পণ্য, ওষুধ, কাপড়, ইলেকট্রনিকস সামগ্রী আমদানি করতে পাকিস্তানকে অনুরোধ করা হতে পারে।

ইআরডি সূত্রে জানা গেছে, ২০০৫ সালে অনুষ্ঠিত বাংলাদেশ ও পাকিস্তানের জেইসির বৈঠকে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ২০ কোটি ডলার থেকে ২০০৭ সাল নাগাদ ১০০ কোটি ডলারে নেওয়ার পরিকল্পনা করা হয়। ঢাকায় অনুষ্ঠিত ওই সভায় পাকিস্তানের বাজারে শতাধিক পণ্যে শুল্কমুক্ত বাজার সুবিধা চেয়েছিল বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান চেয়েছিল মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ)। কিন্তু পরিকল্পনা আলোর মুখ দেখেনি। কারণ এরপর দুই দেশের মধ্যে আর কোনো জেইসি বৈঠক অনুষ্ঠিত হয়নি। বিশেষ করে গত আওয়ামী লীগ সরকারের সময়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অনেকটা দূরত্ব বজায় রাখা হয়। গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর আগ্রহ দেখায় পাকিস্তান। দেশটির বেশ কিছু প্রতিনিধি দল বাংলাদেশ সফরের পর গত ২১ আগস্ট পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে দেখা করে নিষ্ক্রিয় থাকা জেইসি পুনরায় সচল করার আহ্বান জানান।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD