রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন




এআইআইবি ও এনডিবি থেকে ৭৫ মিলিয়ন ডলার ঋণ পাচ্ছে সিটি ব্যাংক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫ ১০:৪৩ am
The City Bank Limited দি সিটি ব্যাংক লিমিটেড city bank সিটি ব্যাংক
file pic

এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) যৌথভাবে বেসরকারি খাতের সিটি ব্যাংককে ৭৫ মিলিয়ন বা সাড়ে ৭ কোটি মার্কিন ডলার দীর্ঘমেয়াদি অর্থায়ন দিচ্ছে। এর মধ্যে এআইআইবি দেবে ৫০ মিলিয়ন এবং এনডিবি দেবে ২৫ মিলিয়ন মার্কিন ডলার। স্থানীয় মুদ্রায় যার পরিমাণ ৯০০ কোটি টাকা। এ বিষয়ে সম্প্রতি তিনটি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়েছে।

সিটি ব্যাংক বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই অর্থায়ন বাংলাদেশে বেসরকারি খাতের বিভিন্ন প্রকল্পে দীর্ঘমেয়াদি তহবিল সরবরাহ করবে, বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই অবকাঠামো খাতে। এর মাধ্যমে দেশের অবকাঠামো অর্থায়নের ঘাটতি পূরণে সহায়তা করা ছাড়াও বিদ্যুৎ, জ্বালানি দক্ষতা, ই-মোবিলিটি ও ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগ ত্বরান্বিত হবে।

চুক্তিতে সই করেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, এআইআইবির ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড ফান্ডস ক্লায়েন্টস বিভাগের মহাপরিচালক গ্লোবাল গ্রেগরি লিউ, এনডিবির ভাইস প্রেসিডেন্ট ও সিওও রোমান সেরভ এবং মহাপরিচালক বিন হান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং প্রধান মেসবাউল আসীফ সিদ্দিকী।

সিটি ব্যাংক জানায়, বাংলাদেশে কোনো বেসরকারি ব্যাংক বা প্রতিষ্ঠানের সঙ্গে সার্বভৌম গ্যারান্টি ছাড়াই এআইআইবির এটিই প্রথম ঋণ সুবিধা। সিটি ব্যাংকের জন্য এই ঋণ দেশে বেসরকারি খাতের মূলধন বিনিয়োগ আরও গতিশীল করবে, দীর্ঘমেয়াদি অবকাঠামো ঋণ প্রদানের সুযোগ সৃষ্টি করবে এবং গুরুত্বপূর্ণ খাতগুলোতে প্রকল্প বাস্তবায়নে সহায়তা করবে।

সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন বলেন, এআইআইবি ও এনডিবির সঙ্গে দীর্ঘমেয়াদি অর্থায়নের অংশীদারিত্ব তাদের সিটি ব্যাংকের প্রতি আস্থার বহিঃপ্রকাশ। একই সঙ্গে এই অর্থায়ন সিটি ব্যাংককে নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামো খাতে বিনিয়োগ ত্বরান্বিত করতে সক্ষম করবে, যা দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD