শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন




বছরে সাশ্রয় হবে ১১৭০ কোটি টাকা

নতুন করে ১২ সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ ২:৩০ pm
সৌরবিদ্যুৎ বিদ্যুৎ solar cell panel electric solar power plant সৌরশক্তি সৌর শক্তি সোলার সৌর প্যানেল সূর্য আলো বিদ্যুৎ
file pic

দরপত্রের মাধ্যমে নতুন করে ১২টি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মোট ৯১৮ মেগাওয়াট ক্ষমতার এসব কেন্দ্র থেকে ২০ বছর মেয়াদে বিদ্যুৎ কিনবে সরকার। বিগত আওয়ামী লীগ সরকারের সময় দরপত্র ছাড়া বেশ কিছু সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছিল। এসব কেন্দ্র থেকে প্রতি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুতের দাম ধরা হয়েছিল ১৩ টাকার কিছু বেশি। তবে অন্তর্বর্তী সরকার সেসব চুক্তি বাতিল করে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। এবার প্রতি কিলোওয়াটের দাম পড়ছে ৯ টাকা ৫৪ পয়সা। নতুন ১২টি কেন্দ্র থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলে বছরে প্রায় এক হাজার ১৭০ কোটি টাকা সাশ্রয় সম্ভব বলে মনে করছে সরকার।

১২টি কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার একটি দর প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে উঠছে আজ মঙ্গলবার। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপত্বিত্বে এ বৈঠকে সৌরবিদ্যুৎ সম্পর্কিত প্রস্তাব উপস্থাপন করবে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ বিভাগের প্রস্তাবনায় বলা হয়, বিদ্যুৎ খাতের সংস্কার কার্যক্রম পর্যালোচনা এবং এ খাতে অধিকতর সক্ষমতা, গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ থেকে গত বছরের ২৫ আগস্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটি পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা অনুসারে বিদ্যুৎ ক্রয়ের জন্য প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বানের জন্য একটি খসড়া দরপত্র দলিল প্রস্তুত করে। এ খসড়ার আওতায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো) বেসরকারি খাতে বিল্ড, ওউন অ্যান্ড অপারেট (বিওও) ভিত্তিতে দেশের ১৪টি স্থানে নির্মিতব্য সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ে দরপত্র আহ্বান করে। প্রকাশিত দরপত্র অনুযায়ী, বেসরকারি খাতে নির্মিত ১২ সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে ২০ বছর মেয়াদে বিদ্যুৎ কেনা হবে।

প্রস্তাবনায় বলা হয়, এর আগে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০-এর আওতায় অযাচিত প্রস্তাবের মাধ্যমে যেসব সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে অথবা গত বছরের ৫ আগস্টের সম্মতিপত্র (লেটার অব ইনটেন্ট) বাতিল করা হয়েছে, সেসব বিদ্যুৎকেন্দ্রের প্রতি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুতের গড় দাম ধরা হয়েছিল ১৩ টাকার কিছুটা বেশি। এর বিপরীতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুসরণ করে প্রতিযোগিতামূলক দর প্রস্তাবের মাধ্যমে প্রস্তাবিত ১২টি সৌরবিদ্যুৎ কেন্দ্রের গড় দাম পড়ছে ৯ টাকা ৫৪ পয়সা।

বিদ্যুৎ বিভাগ আরও উল্লেখ করেছে, বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত সব ধরনের প্রাথমিক জ্বালানি বিবেচনায় প্রতি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুতের গড় উৎপাদন খরচ ১১ টাকা ৭৮ পয়সা; যার মধ্যে জ্বালানি তেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে বিদ্যুতের উৎপাদন ব্যয় ২৭ টাকা ৬৭ পয়সা এবং কয়লাচালিত বিদ্যুতের উৎপাদন ব্যয় ১৩ টাকা ১৬ পয়সা। এ অবস্থায় প্রস্তাবিত ১২টি সৌরবিদ্যুৎ কেন্দ্রের ট্যারিফ অনুমোদিত হলে দিনের বেলায় উচ্চমূল্যের বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ রাখা অথবা কম চালানোর মাধ্যমে সরকারের অর্থ সাশ্রয় হবে। বাবিউবোর প্রতিবেদন অনুসারে, নতুন ১২টি সৌরবিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডে যুক্ত হলে বছরে এক হাজার ১৬৯ কোটি ৬২ লাখ টাকা সাশ্রয় করা সম্ভব হবে।

চট্টগ্রামে তিনটি সোলার পাওয়ার প্লান্টের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফটিকছড়িতে ২০০ ও ৪৫ মেগাওয়াটের দুটি এবং হাটহাজারীতে ১৮ মেগাওয়াটের একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র। কক্সবাজারে দুটি কেন্দ্রের প্রস্তাব করা হয়েছে। কক্সবাজারের চকরিয়ার খুটাখালী ও রামুর জোয়ারিয়া নালায় ১০০ মেগাওয়াট করে দুটি কেন্দ্রের প্রস্তাব করা হয়েছে।

পাবনা সদরে ১০০ মেগাওয়াট ও একই জেলার হেমায়েতপুরে ৭০ মেগাওয়াট করে দুটি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া নোয়াখালীর সুধারামে ১০ মেগাওয়াট, মৌলভীবাজারে ২৫ মেগাওয়াট, নীলফামারীর জলঢাকায় ৫০ মেগাওয়াট, হবিগঞ্জের নবীগঞ্জের বিবিয়ানায় ৫০ মেগাওয়াট, বাগেরহাটের মোংলার বুড়িরডাঙ্গায় ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাব উঠছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে।

এ প্রসঙ্গে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, আগের সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০-এর আওতায় দরপত্র ছাড়া যেসব সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছিল, সেগুলোর অধিকাংশই ত্রুটিযুক্ত। রাজনৈতিক বিবেচনায় অযৌক্তিকভাবে বাড়তি মূল্যে অনুমোদন দেওয়া হয়েছিল। এখান থেকে বেরিয়ে এসে অন্তর্বর্তী সরকারের যথাযথ দরপত্রের মাধ্যমে সৌরবিদ্যুৎ কেন্দ্র অনুমোদন দেওয়ার উদ্যোগ অবশ্যই ইতিবাচক। তবে এক ব্যবস্থা থেকে অন্য ব্যবস্থায় রূপান্তরের সময় যৌক্তিকভাবে অনুমোদন পাওয়ায় কিছু ভালো উদ্যোক্তাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই প্রকৃত বিদেশি উদ্যোক্তারা যাতে এ খাতে বিনিয়োগে আস্থা না হারান, সে জন্য একটি মধ্যবর্তী ব্যবস্থা থাকা উচিত।

তিনি বলেন, এ ক্ষেত্রে মধ্যমেয়াদে থাকা যৌক্তিক প্রকল্পগুলোর জন্য একটি বিশেষ বিধান অন্তর্ভুক্ত করে পুনর্বিবেচনা করা যেতে পারে। কারণ সরকারের সম্মতিপত্র নিয়ে বিনিয়োগ হয়েছে। পর্যালোচনার মানে আগের নির্ধারিত দামে চুক্তি নয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় যৌক্তিক দাম নির্ধারণ করা যেতে পারে।
জানা গেছে, দরপত্র ছাড়া চুক্তির জন্য গত সরকারের অনুমোদিত ৩৭টি সৌরবিদ্যুৎ কেন্দ্রের সম্মতিপত্র গত বছর বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার। এর মধ্যে বেসরকারি খাতের ছিল ৩১টি। সমকাল




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD