এক বছরের ব্যবধানে ঢাকার শেয়ারবাজারে বিদেশি ও প্রবাসীদের ধারণ করা শেয়ার সংখ্যা বেড়েছে। গত নভেম্বর শেষে বিদেশি বা প্রবাসীদের শেয়ারের নিট স্থিতি ছিল ১৮৪ কোটি ৭৭ লাখ, যা ২০২৪ সালের নভেম্বর শেষের তুলনায় ১৪ কোটি ৭১ লাখ বা ৭ দশমিক ৯৬ শতাংশ বেশি। এ হার একই সময়ে তালিকাভুক্ত কোম্পানির মোট শেয়ার বাড়ার হারের চেয়ে বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ৩৬০ কোম্পানির শেয়ার ধারণের তথ্য পর্যালোচনায় এমন তথ্য মিলেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত নভেম্বর শেষে তালিকাভুক্ত সব কোম্পানির মোট শেয়ার ছিল ৯ হাজার ৭৪২ কোটি ৩৮ লাখ। এক বছর আগে এ সংখ্যা ছিল ৯ হাজার ৫৮৭ কোটি ৫০ লাখ। এ সময়ে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে মোট শেয়ার বেড়েছে ১৫৫ কোটি বা ১ দশমিক ৫৯ শতাংশ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বরের শেষের তুলনায় ২০২৫ সালের নভেম্বর শেষে মোট ২৪ কোম্পানিতে বিদেশি বা প্রবাসীদের ধারণ করা শেয়ার সংখ্যা ২২ কোটি ৬৬ লাখ বেড়ে ১০৮ কোটি ৫০ লাখে উন্নীত হয়েছে। এর মধ্যে বেসরকারি ব্যাংক ব্র্যাক, প্রাইম, দি সিটি, ইস্টার্ন এবং সাউথইস্টে বেড়েছে ২১ কোটি ২১ লাখ শেয়ার। বিপরীতে ৪৮ কোম্পানি থেকে বিদেশি বা প্রবাসীদের ধারণ করা শেয়ার সংখ্যা এক বছরের ব্যবধানে ৭ কোটি ৯১ লাখ কমে ৩৫ কোটি ৫৭ লাখে নেমেছে। এর মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এবং এমজেএল বাংলাদেশ থেকে শেয়ার কমেছে ৩ কোটি ৬৩ লাখ। পর্যালোচনায় দেখা গেছে, তালিকাভুক্ত ১৩৯ কোম্পানিতে বিদেশি বা প্রবাসীদের বিনিয়োগ ছিল। অভিহিত মূল্য ১০ টাকা দরে এসব কোম্পানিতে এই বিনিয়োগকারীদের বিনিয়োগ ছিল ১ হাজার ৮৪৭ কোটি ৬৭ লাখ টাকার। মোট শেয়ারের ১ দশমিক ৯০ শতাংশ। এছাড়া বাজার মূল্যে তাদের মোট বিনিয়োগ ছিল ১৩ হাজার ৯৪০ কোটি টাকার, যা নভেম্বর শেষের মোট বাজার মূলধনের ৪ দশমিক ৩৩ শতাংশ।
প্রসঙ্গত, স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে শেয়ারধারীর ধরনে বিদেশি বিনিয়োগ হিসেবে চিহ্নিত করা সব বিনিয়োগ প্রকৃত বিদেশিদের নয়। প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগও বিদেশি বিনিয়োগ হিসেবে নথিভুক্ত ও চিহ্নিত করা হয়। এর কতটা প্রকৃত বিদেশি বিনিয়োগকারীদের এবং কতটা প্রবাসীদের, তা আলাদা করে প্রকাশ করা হয় না। তবে বিদেশিদের হয়ে শেয়ার কেনাবেচা করে এমন দুটি শীর্ষ ব্রোকারেজ হাউসের কর্মকর্তা সমকালকে জানান, প্রকৃত বিদেশি বিনিয়োগ আছে সর্বোচ্চ ২৫টি কোম্পানিতে। বাকিগুলো মূলত প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ। গত নভেম্বর শেষে তালিকাভুক্ত ১৩৯ কোম্পানিতে বিদেশি বা প্রবাসীদের কম-বেশি শেয়ার থাকার তথ্য মিলেছে। বাজার মূল্যে সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ রয়েছে ব্যাংক খাতে, যার পরিমাণ ৬ হাজার ৩২২ কোটি টাকা। এর মধ্যে শুধু ব্র্যাক এবং ইসলামী ব্যাংকেই বিনিয়োগ আছে ৫ হাজার ৭৮৫ কোটি টাকা। ব্র্যাক ব্যাংকে বিনিয়োগ মূল্য ৪ হাজার ৭৩০ কোটি টাকা এবং ইসলামী ব্যাংকে ১ হাজার ৫৪ কোটি টাকা। এর পরের অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতে ৫ হাজার ১৬৩ কোটি টাকার বিনিয়োগ আছে বিদেশিদের, যার মধ্যে তিন কোম্পানি স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা এবং রেনাটায় বিনিয়োগ ৪ হাজার ৮৮৫ কোটি টাকা।
বাজার মূল্যে একক কোম্পানি হিসেবে শত কোটি টাকার বেশি বিদেশিদের বিনিয়োগ আছে এমন তালিকার শীর্ষে আছে যথাক্রমে ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, ইসলামী ব্যাংক, অলিম্পিকি ইন্ডাস্ট্রিজ, রেনাটা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বিএসআরএম লিমিটেড, গ্রামীণফোন, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, মারিকো বাংলাদেশ এবং নাভানা ফার্মা। তালিকাভুক্ত কোম্পানির মোট শেয়ারের অন্তত ১ শতাংশ বিনিয়োগ বিদেশিদের এমন কোম্পানি ২৮টি।
বছরের পরিসংখ্যানে বিদেশিদের শেয়ার সংখ্যা বাড়লেও বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, গত জুলাই থেকে অক্টোবর সময়ের বিদেশিদের নিট পোর্টফোলিও বিনিয়োগ কমেছে ৯০ লাখ ডলার, গত বছরের একই সময়ে চলে গিয়েছিল ৬ কোটি ৬০ লাখ ডলার। অবশ্য ব্যালান্স অব পেমেন্টের এ পরিসংখ্যান হলো– দেশের শেয়ারবাজারে বিনিয়োগের উদ্দেশ্যে বিদেশিদের অর্থ প্রেরণ, শেয়ার বিক্রি করে টাকা ফেরত নেওয়া, লভ্যাংশ আয় নিজ দেশে নিয়ে যাওয়ার মোট সমষ্টি।