বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন




মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরানের যোগাযোগ বন্ধ, ট্রাম্প বলছেন আলোচনা চলছে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৩ জুন, ২০২৬ ১১:২০ am
Donald Trump USA President ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি
file pic

মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরানের যোগাযোগ বন্ধ, ট্রাম্প বলছেন আলোচনা চলছেযুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে ইরান মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির দুটি আধা-সরকারি সংবাদমাধ্যম। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, আলোচনা অব্যাহত রয়েছে।

মঙ্গলবার ইরানের ফার্স ও তাসনিম সংবাদ সংস্থা জানায়, মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে। সংস্থাগুলোকে ইরানের বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ বলে মনে করা হয়।

এদিকে, একটি আঞ্চলিক মধ্যস্থতাকারী সূত্র জানায়, মঙ্গলবার ইরান কোনো যোগাযোগ করেনি। এর আগে তেহরান বলেছিল, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর না হলে আলোচনা এগোবে না।

অন্যদিকে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, তারা একটি তেলবাহী জাহাজকে আটকাতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা ইরানের বন্দরের দিকে যাচ্ছিল এবং যুক্তরাষ্ট্রের অবরোধ লঙ্ঘন করছিল। মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, এটি ছিল অবরোধ ভাঙার চেষ্টা করা সপ্তম জাহাজ, যাকে আটকানো হলো।

মার্কিন বিবৃতি অনুযায়ী, বোতসোয়ানা পতাকাবাহী জাহাজ এম/টি লেক্সিকে ২৪ ঘণ্টা ধরে সতর্ক করার পরও নির্দেশনা না মানায় হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে তার ইঞ্জিন কক্ষে আঘাত করা হয়।

আলোচনার বিষয়ে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানের দাবিকে ‘মিথ্যা ও ভুল’ বলে অভিহিত করেন।

তিনি বলেন, ‘আমাদের মধ্যে আলোচনা ধারাবাহিকভাবে চলছে- চার দিন আগে, তিন দিন আগে, দুই দিন আগে, এক দিন আগে এবং আজও। এগুলো কোথায় গিয়ে দাঁড়াবে, তা কেউ জানে না, তবে আমি ইরানকে বলেছি, এখন সময় এসেছে একটি চুক্তিতে পৌঁছানোর।’

এদিকে ওয়াশিংটনে কংগ্রেসের শুনানিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলোচনার অগ্রগতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তবে তিনি সতর্ক করে বলেন, ‘গ্রহণযোগ্য কোনো চুক্তিতে পৌঁছানোর নিশ্চয়তা নেই।’

সূত্র: এপি




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD