ইসরায়েলে মঙ্গলবার পার্লামেন্ট (নেসেট) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শেষ হবে স্থানীয় সময় রাত ১০টায়। এর আগের জনমত জরিপে দেখা গেছে, বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি জোটের সঙ্গে ইহুদি নেতৃত্বাধীন বিরোধী জোটের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। তবে ভোটে নেতানিয়াহুকে হারালেই যে ক্ষমতা থেকে সরানো যাবে, বিষয়টা এমন নয়।
আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) নির্বাচনী ব্যবস্থায় পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে দলগুলোকে জোট গঠন নিয়ে আলোচনা করতে হয়। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন। দেশটির ইতিহাসে এখনো কোনো দল এককভাবে এই ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করতে পারেনি।
সাম্প্রতিক জনমত জরিপ অনুযায়ী, বিরোধী জোট ৫২টি আসন পেতে পারে। অন্যদিকে নেতানিয়াহুর জোট পেতে পারে ৫০টি। ফলে কারা সরকার গঠন করবে, তা নির্ধারণে ভূমিকা রাখবে অন্য কয়েকটি দল। এরমধ্যে ফিলিস্তিনিদের নেতৃত্বাধীন দলগুলোও আছে।
ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ এই নির্বাচনের সম্ভাব্য রাজনৈতিক ফলাফলগুলো কেমন হতে পারে তা তুলে ধরা হলো:
নেতানিয়াহু ফের সরকার গঠন করতে পারেন
জনমত জরিপে কিছুটা পিছিয়ে আছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। কিন্তু বর্তমান মিত্র ও নতুন জোটসঙ্গীদের কাছে থেকে পর্যাপ্ত সমর্থন নিশ্চিত করতে পারলে তিনি আবারও প্রধানমন্ত্রীর পদে থাকতে পারেন।
নেতানিয়াহুর দীর্ঘদিনের মিত্রদের মধ্যে আছে- কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের ওতজমা ইহুদিত ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের রিলিজিয়াস জায়োনিজম পার্টি।
অতি-কট্টর ইহুদিদের দল শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দল দুটি অতীতে একাধিকবার নেতানিয়াহুর জোট সরকারে যোগ দিয়েছে। তবে পরে জোট ছেড়েও গেছে। সবশেষ ২০২৫ সালে তারা জোট থেকে বেরিয়ে যায়।
বিরোধীদের নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠ সরকার
গত সেপ্টেম্বর মাসের শেষ দিকে চারটি বিরোধী দল নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে একসঙ্গে কাজ করতে চুক্তিতে স্বাক্ষর করে। সেগুলো হলো ইয়াশার পার্টি, দ্য ডেমোক্র্যাটস, ইসরায়েল বেইতেনু ও টুগেদার পার্টি।
দলগুলোর জোট জানায়, ইসরায়েলকে একটি ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আরও শক্তিশালী করার লক্ষ্যে তারা ঐক্যবদ্ধ হয়েছে।
এই জোটটি সরকার গঠন করলে কে নেতৃত্ব দেবেন তা এখনো ঘোষণা করেনি। তবে ইয়াশার পার্টির নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটকে প্রধানমন্ত্রী পদের সবচেয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও সম্ভাব্য প্রার্থী। তিনি ইয়ার লাপিদের সঙ্গে টুগেদার জোটের নেতৃত্ব দিচ্ছেন।
রাআমকে নিয়ে জোট সরকার
ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ আরব ও ফিলিস্তিনি বংশোদ্ভূত। তাদের প্রতিনিধিত্ব করে রাজনৈতিক দল রাআম ও জয়েন্ট লিস্ট নামের একটি জোট। তারা প্রায় ১৩টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাআম ‘ইউনাইটেড আরব লিস্ট’ নামেও পরিচিত। ২০২১ সালে তারা নাফতালি বেনেটের জোট সরকারে যোগ দিয়েছিল। ইসরায়েলের কোনো সরকারে অংশ নেওয়া প্রথম আরব নেতৃত্বাধীন দল এটি।
রাআমের নেতা মানসুর আব্বাস ইঙ্গিত দিয়েছেন, সরকার গঠন করতে বিরোধীদের নেতৃত্বাধীন জোটের যদি অতিরিক্ত আসনের প্রয়োজন হয়, তাহলে তিনি সমঝোতায় রাজি হতে পারেন। তবে আইজেনকোটসহ বিরোধী নেতাদের অধিকাংশই এ ধরনের জোট গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
সংখ্যালঘু সরকার
কোনো জোট চাইলে প্রয়োজনীয় ৬১ আসন পূরণের জন্য বাইরের দলের কাছে থেকে সমর্থন নিতে পারবে। এক্ষেত্রে ওই দলকে সরকারে অন্তর্ভুক্ত করা জরুরি নয়। ঠিক এ জায়গাতেই নির্ধারক হতে পারে আরব ও ফিলিস্তিনপন্থি দলগুলো।
হাদাশ, তাআল ও বালাদ নামের তিনটি গোষ্ঠীকে নিয়ে গঠিত জয়েন্ট লিস্ট জানিয়েছে, নেতানিয়াহু বিরোধী জোটে যোগ না দিলেও তারা সমর্থন দেবে। বিনিময়ে দলটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ তৈরি এবং সংঘবদ্ধ অপরাধ দমনসহ কিছু শর্ত পূরণের দাবি জানিয়েছে।
তবে এ ধরনের সমঝোতা হলে দলত্যাগ এবং গুরুত্বপূর্ণ নীতির বিষয়ে মতবিরোধের কারণে সরকার টিকে থাকার ঝুঁকির মুখে পড়তে পারে।
জাতীয় ঐক্যের সরকার
ইসরায়েলের পার্লামেন্টে জাতীয় ঐক্যের সরকার গঠনের নিয়ম আছে। সাধারণত যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অর্থনৈতিক সংকটের মতো জরুরি পরিস্থিতিতে এ ধরনের সরকার গঠন করা হয়।
তবে রাজনৈতিক অচলাবস্থার মধ্যেও জাতীয় ঐক্যের সরকার গঠন করতে দেখা গেছে। ২০২০ সালের মে মাসে পরপর তিনটি নির্বাচনে রাজনৈতিক দলগুলো সরকার গঠনে ব্যর্থ হয়। তখন নেতানিয়াহু ও ‘ব্লু অ্যান্ড হোয়াইট’ দলের নেতা বেনি গান্তজ ঐক্যের সরকার গঠন করেন। তবে এক বছরের মধ্যে তাদের সমঝোতা ভেঙে যায়।
এরপর ২০২৩ সালে হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলার পর গান্তজ ও তাঁর দলের সদস্যরা নেতানিয়াহুর জোটে যোগ দেন। এটিকেও জরুরি পরিস্থিতিতে গঠিত ঐক্যের সরকার হিসেবে বিবেচনা করা হয়েছিল।
পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব
ক্ষমতা ভাগাভাগির সমঝোতার আওতায় দুই রাজনৈতিক নেতা পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে সম্মত হতে পারেন। ২০২০ সালে নেতানিয়াহু ও গান্তজ এ ধরনের সমঝোতায় রাজি হয়েছিলেন। তবে গান্তজ দায়িত্ব নেওয়ার আগে জোট ভেঙে যায়।
২০২১ সালের জুনে নাফতালি বেনেট প্রধানমন্ত্রী হওয়ার পর ইয়ার লাপিদের সঙ্গে একই ধরনের সমঝোতা করেন। চুক্তি অনুযায়ী, নির্দিষ্ট সময় পর তাঁদের মধ্যে দায়িত্ব হস্তান্তরের কথা ছিল। কিন্তু ২০২২ সালের জুনে বেনেটের জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায়। পরে জুলাই মাসে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন লাপিদ।
জোটের বাইরে থেকে প্রধানমন্ত্রী
ইসরায়েলে প্রধানমন্ত্রী নির্বাচিত হন নেসেটের সদস্যদের সমর্থনে। কিন্তু সরকার গঠন নিয়ে দলগুলো অচলাবস্থায় পড়লে এমন কাউকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হতে পারে যিনি সবার কাছে গ্রহণযোগ্য। এক্ষেত্রে ওই ব্যক্তি কোনো নির্দিষ্ট জোটের বিরোধী শিবিরের সদস্যও হতে পারেন।
সমঝোতা না হলে ফের নির্বাচন
পার্লামেন্টে কোনো জোটই যদি সরকার গঠনে পর্যাপ্ত সমর্থন জোগাড় করতে না পারে তাহলে ইসরায়েল আবারও রাজনৈতিক সংকটের মুখে পড়বে। যা নতুন করে নির্বাচন আয়োজনের দিকে গড়াবে।
স্থিতিশীল সরকার গঠনে বারবার ব্যর্থতার কারণে দেশটিতে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে পাঁচবার নির্বাচন হয়। এবারও তেমনটা হলে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত বেনিয়ামিন নেতানিয়াহু তত্ত্ববধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারেন।
আল জাজিরা