বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন




সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৫:৩৮ pm
Soyabin Oil ভোজ্যতেল সয়াবিন তেল সয়াবিন তেল ভোজ্যতেল soybean soya bean edible oil
file pic

বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়াতে চায় দেশের ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধনকারী কোম্পানিগুলো। আসন্ন রোজা সামনে রেখে এই দাম বাড়াতে চাইছে তারা। অথচ এর দুই মাসেরও কম সময় আগে লিটারে ৫ টাকা দাম বাড়ানো হয়েছিল।

নতুন করে দাম বাড়ানোর আবেদন জানিয়ে গত ১৩ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাছে চিঠি দিয়েছে ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধনকারী কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

দাম বাড়ানোর সপক্ষে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে জ্বালানির দাম ও পরিবহন ভাড়া বেড়ে যাওয়ার কথা উল্লেখ করেছে সংগঠনটি। এ জন্য সয়াবিন তেলের দাম সমন্বয় করা প্রয়োজন বলে মনে করছে তারা।

বর্তমানে বাজারে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ২০৪ টাকা। এখন তা বাড়িয়ে ২১৮ টাকা করার প্রস্তাব দিয়েছে কোম্পানিগুলো। এছাড়া ৫ লিটারের সয়াবিন তেলের বোতলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৭০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা করার আবেদন জানানো হয়েছে।

এর আগে দেশের বাজারে সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ১৯৪ টাকা থেকে ১৯৯ টাকা করা হয়েছিল।

সংগঠনটির চিঠিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম ও স্থানীয় পর্যায়ে খরচ বেড়ে যাওয়ায় ২৫ অক্টোবর থেকে এই নতুন দাম কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই দাম বাড়ানোর প্রস্তাবে এখনো সম্মতি দেওয়া হয়নি।

এ বিষয়ে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, দেশের ৪ থেকে ৫টি বড় কোম্পানি সয়াবিন তেলের বাজারের ৮৫ থেকে ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করে। বাকি ১০ থেকে ১৫ শতাংশ ছোট কোম্পানিগুলো সরবরাহ করে। ওই বড় কোম্পানিগুলো বাজারে কৃত্রিম সংকট তৈরি করে সরকারকে চাপে ফেলে সাধারণ ভোক্তাকে জিম্মি করে মূল্য বাড়িয়ে নেয়। গত কয়েক বছর ধরে একই পন্থায় ওই চক্রটি দাম বাড়িয়ে আসছে। এছাড়া নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে বাড়তি দামে তেল বিক্রির পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD