শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন




ক্রিকেটে আসছে নতুন ফরম্যাট টেস্ট টোয়েন্টি, একসঙ্গে খেলবেন ছেলে-মেয়েরা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৮:১৬ pm
Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টেস্ট ক্রিকেট Test cricket bcb টেস্ট দল Cricket-Bangladesh afg bangladesh Cricket-Bangladesh Cricket- Bangladesh
file pic

টেস্ট, ওয়ানডে এবং টি–টোয়েন্টি—আন্তর্জাতিক ক্রিকেটে এ তিনটি প্রচলিত ফরম্যাটের পর এবার যুক্ত হতে যাচ্ছে এক রোমাঞ্চকর নতুন সংস্করণ ‘টেস্ট টোয়েন্টি’। ক্রিকেটের সবচেয়ে দীর্ঘ এবং সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের মিশেলে গঠিত হলেও এটি পাঁচ দিনের খেলা নয়; বরং মাত্র এক দিনেই ৮০ ওভারের মাধ্যমে শেষ হবে ম্যাচ। নতুন এই ফরম্যাটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো—একই দলের হয়ে সম্মিলিতভাবে অংশ নেবেন ছেলে ও মেয়ে ক্রিকেটাররা।

আগামী ১৪ নভেম্বর শ্রীলঙ্কার কলম্বোর ঐতিহাসিক সিনহালিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে বসবে টেস্ট টোয়েন্টির উদ্বোধনী আসর। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর। আয়োজকদের দাবি অনুযায়ী, ক্রিকেটের এই ‘চতুর্থ ফরম্যাট’-এ ১৩ থেকে ২১ বছর বয়সী মোট ১৬০ জন উঠতি ক্রিকেটার অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন।

কীভাবে হবে টেস্ট টোয়েন্টির খেলা

উদ্বোধনী আসরে চারটি মহাদেশীয় দল অংশ নেবে। প্রতিটি দলে ৪০ জন ক্রিকেটার থাকবেন—২০ জন ছেলে এবং ২০ জন মেয়ে। একটি ম্যাচে ছেলেদের একাদশ মুখোমুখি হবে প্রতিপক্ষের ছেলেদের এবং মেয়েদের একাদশ লড়বে মেয়েদের বিরুদ্ধে। তবে প্রচলিত ক্রিকেটের মতো দুটি আলাদা ম্যাচ হিসেবে না দেখে, দুই দলের ছেলে ও মেয়েদের করা মোট রান যোগ করে ম্যাচের বিজয়ী নির্ধারণ করা হবে।

উদাহরণস্বরূপ—কোনো দলের মেয়েরা ২০ ওভারে ১২০ রান এবং ছেলেরা ২০ ওভারে ১৮০ রান করলে দলের মোট রান হবে ৩০০। প্রতিপক্ষ দল যদি দুই ইনিংস মিলিয়ে ২৯০ রান তোলে, তবে প্রথম দলটি ১০ রানে জয়ী হিসেবে গণ্য হবে। এর ফলে জয়ের জন্য ছেলে ও মেয়ে—উভয় দলের পারফরম্যান্সই সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

টেস্ট টোয়েন্টির ম্যাচ হবে এক দিনে, মোট ৮০ ওভারের। তবে পুরো ম্যাচে একই বল বা পোশাকে খেলা হবে না। প্রথম ৪০ ওভার হবে দিনের আলোয়, লাল বলে এবং সাদা পোশাকে। পরের ৪০ ওভার হবে ফ্লাডলাইটের আলোয়, সাদা বলে ও রঙিন পোশাকে। দুই পর্বের মধ্যে রানের হিসাব নতুন করে শুরু হবে না। প্রথম ৪০ ওভারে করা রান পরের পর্বেও দলের মোট স্কোরের সঙ্গে যুক্ত থাকবে। অর্থাৎ দুই পর্ব মিলিয়েই নির্ধারিত হবে চূড়ান্ত ফল।

ছেলে ও মেয়েদের ইনিংস হবে ২০ ওভারের। বোলিংয়ের ক্ষেত্রেও থাকবে আলাদা নিয়ম—ছেলেরা বল করবেন ছেলেদের বিপক্ষে, মেয়েরা মেয়েদের বিপক্ষে। প্রতিটি একাদশে সর্বোচ্চ পাঁচজন বোলার ব্যবহার করা যাবে। প্রয়োজনে একজন বোলার সর্বোচ্চ ছয় ওভার করতে পারবেন। অধিনায়ক চাইলে ইনিংসের দশম ওভার শেষ হওয়ার আগেই এ সিদ্ধান্ত নিতে পারবেন।

টসের নিয়মেও থাকছে বাড়তি মাত্রা। টসে শুধু কোন দল আগে ব্যাটিং করবে, তা-ই নির্ধারিত হবে না; কোন দলের মেয়েদের একাদশ আগে খেলবে, নাকি ছেলেদের একাদশ—সেটিও ঠিক হবে টসে।

কেন এই উদ্যোগ ও নেপথ্যে যারা

ছেলে ও মেয়েদের ক্রিকেটকে একই মঞ্চে এনে সমতা ও সমান গুরুত্ব নিশ্চিত করাই টেস্ট টোয়েন্টির মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা গৌরব বাহিরওয়ানি।

উদ্বোধনী আসরের জন্য মাঠের ট্রায়াল ও অনলাইন বাছাইয়ের মাধ্যমে ১৬০ জন ক্রিকেটার বেছে নিয়েছে গ্লোবাল সিলেকশন কমিটি, যার প্রধান হিসেবে ছিলেন ভারতের কোচ রাজকুমার শর্মা। টুর্নামেন্টের উপদেষ্টা বোর্ডে রয়েছেন এবি ডি ভিলিয়ার্স, ম্যাথু হেইডেন ও স্যার ক্লাইভ লয়েডের মতো ক্রিকেট কিংবদন্তিরা। পরিচালন কার্যক্রমের দায়িত্বে থাকবেন মাইক ফোর্ডহ্যাম। ১৪ নভেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস নেটওয়ার্ক।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD