বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন




দেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৮:১২ pm
Adviser Nahid Islam আইসিটি উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম
file pic

দেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বর্তমান সরকারের আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং বিচারব্যবস্থা ক্ষমতাসীনদের কুক্ষিগত রয়েছে।

বুধবার ঢাকা বিভাগ দক্ষিণ অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে দলের মতবিনিময় সভার শুরুতে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে এনসিপির পক্ষ থেকে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ হলে নিজের দলের লোককে নিজেরা হত্যা করছে? এর বিচার হবে কি না, সেটাই আমার কাছে বড় প্রশ্ন। বিচারব্যবস্থার সংস্কার না হওয়ায় তা এখনো ক্ষমতাসীনদের কাছে কুক্ষিগত রয়েছে। সারা দেশে বিএনপির ছত্রছায়ায় তাদের ক্যাডার বাহিনী দলীয় লোকজনকে খুন করছে এবং সাধারণ মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে।

সরকারকে সতর্ক করে তিনি আরো বলেন, আমরা যদি এই সরকারকে ছাড় দিয়ে দিই, তবে এমনও হতে পারে যে আমাদের আরেকটি ফ্যাসিবাদ মোকাবিলা করতে হবে। আমরা চাই না যে ১৪০০ মানুষের রক্ত ও জীবন দিয়ে আরেকটি ফ্যাসিবাদ উৎখাত করতে হোক।

মাফিয়া রাষ্ট্র ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা চেয়েছিলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ ও শক্তিশালী অবস্থান। কিন্তু দেখতে পেলাম আইজিপি ক্রসফায়ার নিয়ে কথা বলছেন, আর স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণভাবে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। দেশের যেসব মাদকের স্পট নির্ধারিত হয়েছে, সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বাংলাদেশ আসলে একটা মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে। একদিকে সন্ত্রাসীদের হাতে অস্ত্র, অন্যদিকে মন্ত্রীদের হাতেও অস্ত্র।

মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, সরকার মাদকের গডফাদার বা সিন্ডিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করছে না। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের এলাকা কক্সবাজার থেকেই সবচেয়ে বেশি মাদক চোরাচালান হয়, অথচ তিনি তা বন্ধ করতে পারছেন না।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হবে—এখন পর্যন্ত আমাদের তা মনে হচ্ছে না। সরকারি দলের কোন্দলে বহু মানুষ হতাহত হয়েছে। এছাড়া নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনও দলীয়করণ হচ্ছে। এই অবস্থায় স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব নয়।

মতবিনিময় সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদীবসহ ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD