শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন




দেশে যত সংকট দেখেন সবই তৈরি করা নাটক: ফখরুল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ ৪:৫৯ pm
Bangladesh Nationalist Party BNP Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
file pic

দেশে যত সংকট রয়েছে সবই তৈরি করা নাটক এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সরকারের পেছনে জনগণ নেই তাই তারা জনগণের দুঃখ বোঝে না।রোববার (৯ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় ফখরুল বলেন, ধানের দাম নেই, কৃষক পণ্যের ন্যায্য দাম পায় না। আমরা ক্ষমতায় আসলে কৃষকের পণ্যের ন্যায্য মূল্য দেব। মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড করে দেব যেন তারা কম দামে চাল,ডাল, তেল কিনতে পারে

তিনি আরও বলেন, জনগণ এত কিছু বোঝে না। তারা শুধু বোঝে নির্বাচনে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে। আর তাদের ভোটে নির্বাচনিত প্রতিনিধি স্থানীয় উন্নয়ন করবে।

প্রসঙ্গত, আসন্ন জাতীয় নির্বাচনের লক্ষ্যে নিজ এলাকায় নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুরে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল। আমরা কথা ও কাজে বিশ্বাস করি, মুনাফিকিতে বিশ্বাস করি না।’

তিনি বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট গণহত্যা হয়েছে। ১৯৭১ সালেও গণহত্যা হয়েছিল। দুইটির মধ্যে পার্থক্য হলো- একাত্তরে পাকিস্তানিরা এদেশের কিছু লোক নিয়ে গণহত্যা চালিয়েছিল। এইবার শেখ হাসিনা তার প্রশাসনকে দিয়ে গণহত্যা চালিয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান সরকার নির্বাচিত সরকার নয়। এ কারণে সাধারণ মানুষের কষ্ট বোঝে না। কৃষক তাদের ধানের ন্যায্য মূল্য পায় না, শাকসবজির দাম পায় না। হিমাগারে আলু অবিক্রিত পড়ে রয়েছে। ফসল আবাদের জন্য কৃষক প্রয়োজনীয় সার পায় না। বিএনপি ক্ষমতায় গেলে সমস্ত সমস্যার সমাধান করা হবে।’

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যে কার্ড দিয়ে তারা ন্যায্যমূল্যে তেল, চাল, ডাল ক্রয় করতে পারবে। কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদান করা হবে। যে কার্ডের মাধ্যমে কৃষকরা তাদের নায্য অধিকার ফিরে পাবে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘গণভোট হতে হবে নির্বাচনের দিনে। গণভোট-সনদ কী আমরা বুঝি? জনগণ গণভোট-সনদ বোঝে না ৷ এসব বোঝে শিক্ষিত মানুষেরা। আমরা সব সংস্কারে রাজি আছি। যা রাজি হবো না তা সংসদে গিয়ে পাস হবে।’

তিনি বলেন, ‘দাঁড়িপাল্লা আপনারা চেনেন। দাঁড়িপাল্লাও এখানে নির্বাচন করছে। ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে আপনাদেরকে বেছে নিতে হবে। এটা আমার শেষ নির্বাচন। নির্বাচন করার সময় শক্তি থাকবে না। আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করবেন।’

এ সময় জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ আরও নেতাকর্মী।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD