রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন




নতুন চুক্তি ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের পথ বন্ধ করবে, দাবি ট্রাম্পের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৪ জুন, ২০২৬ ১১:০১ am
Donald Trump USA President ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি
file pic

ইরানের সঙ্গে প্রস্তাবিত নতুন চুক্তি তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জনের পথ রুদ্ধ করবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে এই চুক্তি ২০১৫ সালের পরমাণু চুক্তির সম্পূর্ণ বিপরীত বলেও জানান তিনি।

ট্রাম্প বলেন, ‘ওবামার চুক্তি ছিল ইরানের জন্য পরমাণু অস্ত্র পাওয়ার একটি সহজ ও মসৃণ পথ। আমার চুক্তি ঠিক তার উল্টো।’

তিনি আরও বলেন, ‘এই চুক্তির আওতায় ইরানকে কোনো অর্থ দেওয়া হবে না। অথচ ওবামা প্রশাসন ইরানকে শত শত বিলিয়ন ডলার দিয়েছিল।’

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনাধীন এই সমঝোতা মূলত ‘শর্ত মানলে সুবিধা’—এই নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠছে। তাদের ভাষ্য অনুযায়ী, চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই ইরান কোনো অর্থনৈতিক সুবিধা পাবে না।

কর্মকর্তারা আরও বলেন, ভবিষ্যতে ইরানকে কোনো ধরনের অর্থনৈতিক বা অন্যান্য সুবিধা দেওয়া হলে তা চুক্তির শর্ত যথাযথভাবে মেনে চলার বিষয়টি যাচাই করার পরই দেওয়া হবে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আজ রোববার (১৪ জুন) চুক্তি স্বাক্ষর হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর আগেই চুক্তি স্বাক্ষরের এই সময়সূচি নিয়ে সংশয় প্রকাশ করেছিল ইরান।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, চুক্তি কার্যকর হলে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ‘সবার জন্য উন্মুক্ত’ হয়ে যাবে।

দুই দেশের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালনকারী পাকিস্তানও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চুক্তিটি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা ‘ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি’ নিচ্ছে।

ট্রাম্পের মন্তব্যের আগে শনিবার (১৩ জুন) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই অবশ্য চুক্তি স্বাক্ষরের সময়সূচি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানাননি।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD