শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন




ইংল্যান্ডকে টপকে সাতে আফগানিস্তান, বাংলাদেশ কত নম্বরে?

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ৬:২৮ pm
International Cricket Council icc আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি
file pic

ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়ের আনন্দের সঙ্গে আরও একটি সুখবর পেলো আফগানিস্তান। জিম্বাবুয়েকে ফাইনালে হারিয়ে আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকে টপকে সাত নম্বরে উঠে এসেছে তারা। অন্যদিকে, টুর্নামেন্টে একটি ম্যাচও জিততে না পারা বাংলাদেশ দুই রেটিং পয়েন্ট হারালেও নবম স্থান ধরে রেখেছে।

শুক্রবার শারজায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানের সম্মিলিত বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে। মাত্র ১৬৯ রানে গুটিয়ে যায় তারা। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রশিদ খান। ফজলহক ফারুকি, মোহাম্মদ নবী ও বিলাল সামি নিয়েছেন দুটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে জয়ের পথে এগিয়ে নেন ইব্রাহিম জাদরান। ৯৬ বলে চারটি চার ও একটি ছক্কায় অপরাজিত ৭০ রান করেন তিনি। ওপেনিং পার্টনার রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে ৬৮ রানের জুটি গড়ার পর তৃতীয় উইকেটে অধিনায়ক রহমত শাহর সঙ্গে যোগ করেন আরও ৮২ রান। রহমত করেন ৪৩ রান।

৩৫তম ওভারেই ১৭০ রানের লক্ষ্য পেরিয়ে যায় আফগানিস্তান। দুর্দান্ত ইনিংসের জন্য ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন জাদরান। পুরো টুর্নামেন্টে ১১ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন রশিদ খান।

এই শিরোপা জয়ের প্রভাব পড়েছে ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও। দুই রেটিং পয়েন্ট বাড়িয়ে অষ্টম স্থান থেকে সপ্তম স্থানে উঠে এসেছে আফগানিস্তান। অন্যদিকে, রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে সাম্প্রতিক হারের কারণে দুই পয়েন্ট হারিয়ে ষষ্ঠ স্থান থেকে অষ্টম স্থানে নেমে গেছে ইংল্যান্ড।

ইংল্যান্ডের পতনে এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে শ্রীলঙ্কা। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠায় জিম্বাবুয়েরও দুই রেটিং পয়েন্ট বেড়েছে। তবে র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থানের পরিবর্তন হয়নি; ১১ নম্বরেই রয়েছে দলটি।

বাংলাদেশের অবস্থান অবশ্য অপরিবর্তিত। ত্রিদেশীয় সিরিজে একটিও জয় না পাওয়ায় দুই রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। তবে নবম স্থান ধরে রেখেছে তারা।

শীর্ষে যথারীতি রয়েছে ভারত। তার পর রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়া।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD