বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতি ও দুঃশাসনের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে। বুধবার (১৪ আগস্ট) দুপুরে রংপুরের পীরগঞ্জে কোটা আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।
এ সময় মির্জা ফখরুল বলেন, বর্তমান দায়িত্ব হল সকল ফ্যাসিবাদদের ষড়যন্ত্র রুখে দিয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। আবু সাঈদের আত্মত্যাগের কারণে দ্বিতীয়বার স্বাধীনতা এসেছে। আবু সাঈদসহ এই যুদ্ধ কারো আত্মত্যাগ ভোলার নয়।
এ সময় হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। এরপর আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে শান্তনা দেন এবং পাশে থাকার প্রতিশ্রুতিসহ নগদ অর্থ সহায়তা প্রদান করেন তিনি।
উল্লেখ্য, নিহত আবু সাঈদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ১২ ব্যাচের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। পরদিন ১৭ জুলাই তাকে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের বাড়িতে দাফন করা হয়।
এর আগে সকালে ঠাকুরগাঁওয়ের তাতীপাড়াস্থ নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ফখরুল বলেন, একটি বিদেশি চক্র ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করতে চায়। সেই চক্র বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অলিক কাহিনী প্রচার করছে। বিশেষ করে ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের খবর সম্পূর্ণ গুজব, সাজানো নাটক।