রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন




হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ১০:০৫ am
Hormuz Strait হরমুজ Hormuz-Strait-হরমুজ হরমুজ প্রণালী প্রণালি
file pic

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি অতিক্রম করার সময় অপরিশোধিত তেলবাহী দুটি ভারতীয় জাহাজে গুলি চালানো হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) এই হামলার কথা নিশ্চিত করেছে ভারতের সরকারি একটি সূত্র। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত সরকার।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, শনিবার হরমুজ প্রণালি অতিক্রম করার সময় একটি বাণিজ্যিক জাহাজে ইরানি গানবোট থেকে গুলি চালানোর খবর পাওয়া যায়। ‘জগ অর্ণব’ এবং ‘সানমার হেরাল্ড’—নামে জাহাজ দুটি হামলার মুখে পড়ে। । এ ঘটনায় কেউ আহত হয়নি এবং জাহাজ দুটির কোনো ক্ষতি হয়নি। তবে তেল বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথে এই ঘটনার পর জাহাজ দুটিকে আবার ফিরে যেতে হয়।

এর আগে শনিবারই ‘ভাগ্য লক্ষ্মী’ নামক একটি জাহাজের নাবিকরা ইরানি নৌবাহিনীর সাথে তাদের কথোপকথনের তথ্য প্রকাশ করে।

এই ঘটনার পর ইরানের রাষ্ট্রদূতকে তলব করে ভারত সরকার এই ঘটনার বিষয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে।

একইসঙ্গে, ভারতের উদ্দেশ্যে আসা সমস্ত বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে দিল্লি।

এদিকে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় শনিবার দুপুরে গুরুত্বপূর্ণ নৌপথটি ফের বন্ধ ঘোষণা করে ইরান। আইআরজিসির নৌবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে জানায়, ‘ইরান থেকে আসা বা ইরানে যাওয়ার জাহাজ চলাচল যতদিন হুমকির মুখে থাকবে, ততদিন হরমুজ প্রণালির অবস্থা আগের মতোই কঠোর নিয়ন্ত্রণে থাকবে।’

আইআরজিসির যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ করে যাওয়ায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ‘আবার আগের অবস্থায় ফিরে গেছে’। আইআরজিসির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ‘অবরোধের নামে জলদস্যুতা ও সামুদ্রিক চুরি চালিয়ে যাচ্ছে’।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD