চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।
গত ২৪ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা জানানো হয়। একই সঙ্গে ২৬ অক্টোবর ফল প্রকাশের সময়, পদ্ধতি এবং ফল জানার উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত দিনে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এরপর থেকেই ফল প্রকাশের নির্ধারিত তারিখ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন হলেও এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদন নেয়া সম্ভব হয়নি। ফলে পূর্বনির্ধারিত সময়ে ফল প্রকাশ নিয়ে জটিলতা দেখা দেয়। পরবর্তী সময়ে ফল প্রকাশের তারিখ ২৯ অক্টোবর থেকে পরিবর্তন করে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, অনিবার্য কারণে ফল প্রকাশের তারিখ পিছিয়ে দেয়া হয়েছে। আগামী ৩১ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রচলিত নিয়ম অনুযায়ী, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় শিক্ষামন্ত্রী ফল ঘোষণা করেন। তবে এবারের ফল প্রকাশের নির্দিষ্ট সময়, পদ্ধতি এবং শিক্ষার্থীরা কীভাবে ফল জানতে পারবেন, সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে এখনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন।