ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েমের) খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। শনিবার রাত সাড়ে তিনটার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে তিনি বাইরে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় ঘরের দরজার সামনে কেরোসিন ও পেট্রল মেশানো তরল পড়ে থাকতে দেখেন। এ ছাড়া রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। এ ঘটনায় তারা আতঙ্কিত।
খবর পেয়ে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন তারা।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, আগুন নিয়ন্ত্রণে আনার খবর পাওয়ার পর তাদের আর ঘটনাস্থলে যেতে হয়নি।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, খবর পেয়ে তিনি রাতেই সাদিক কায়েমের বাড়িতে যান। বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।