আসন্ন পবিত্র ঈদুল আজহার যাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে চট্টগ্রাম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে রেখে ঈদ যাত্রার অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-ওয়ারী বিভাগ।
সোমবার (১৯ জুন) ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগ থেকে বিষয়টি জানানো হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগ জানায়, পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকায় বসবাসকারী দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশির ভাগ মানুষ পোস্তগোলা ব্রিজ ব্যবহার করে গ্রামের বাড়িতে গিয়ে থাকে। এর আগে এসব মানুষ দৌলতদিয়া ফেরি পারাপার বা সদরঘাট থেকে লঞ্চের মাধ্যমে যাতায়াত করত।
পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও ঈদ উপলক্ষে যানবাহনের বাড়তি চাপ থাকে। এ কারণে সড়কে ও মহাসড়কের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এবং অতিরিক্ত যানজট এড়াতে ঈদের আগে পর্যাপ্ত সময় হাতে রেখে যাত্রার অনুরোধ করা হলো। সবার ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।