বছর শেষেই জাতীয় সংসদ নির্বাচন। তাই ঈদে যার যার নির্বাচনী এলাকায় ছুটছেন নেতারা। লক্ষ্য জনসংযোগ বাড়ানোর। সঙ্গে আছে নিজ নিজ দলের নির্দেশনা। সরকারি দলের নেতারা জনসংযোগ করার পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয় মানুষের সামনে তুলে ধরবেন। অন্যদিকে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতারা সম্ভাব্য আন্দোলনের বিষয়ে তৃৃণমূল নেতাকর্মীদের কাছে বিশেষ বার্তা নিয়ে যাচ্ছেন। তাদের সংগঠিত হওয়ার বার্তা দেয়ার পাশাপাশি নিজেদের নির্বাচনী জনসংযোগের কাজও করবেন নেতারা রাজপথের আন্দোলন মোকাবিলা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতির জন্য বিশেষ বার্তা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের কাছে যাচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। দলের হাইকমান্ডের নির্দেশে তারা এবারের ঈদকে উপলক্ষ করে নিজ নিজ নির্বাচনী এলাকায় থাকবেন। আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা বলেন, দলের নির্দেশে এবারের ঈদে প্রায় সব নেতাই নিজের এলাকায় অবস্থান করবেন। তৃণমূল নেতাকর্মীদের কাছে দলের বার্তা ও দলীয় সভাপতির নির্দেশনা পৌঁছে দেবেন।
তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর খুব বেশি সময় বাকি নেই। এরইমধ্যে বিরোধী দলগুলো রাজপথে আন্দোলনে নেমেছে। ঈদের পর তাদের আন্দোলন আরও বেগবান হতে পারে। পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও রয়েছে।
আন্দোলন মোকাবিলা করে কীভাবে নির্বাচনের বৈতরণী পার হওয়া যায় সে বিষয়টি নিয়ে তৃণমূল নেতাদের বার্তা দেয়া হবে। আওয়ামী লীগ নেতারা জানান, এ ছাড়া অনেক জায়গায় নিজেদের মধ্যে কোন্দল রয়েছে। সেসব মেটানোরও নির্দেশনা রয়েছে। এজন্য ঈদকে বেছে নেয়া হয়েছে। এদিকে বিশেষ বার্তার পাশাপাশি আগামীতে নৌকা প্রতীক নিয়ে যেসব নেতা নির্বাচন করতে চান তারা গণসংযোগের জন্য এই সময়টি বেছে নিচ্ছেন। নির্বাচনী এলাকার সব ভোটারদের একসঙ্গে পাওয়ার এটাই মোক্ষম সময় বলে তারা জানান। আগামী নির্বাচন নিয়ে এরইমধ্যে বেশ কয়েকবার দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সর্বশেষ দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে তিনি বলেন, আপনারা নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে তৃণমূলের মানুষের সঙ্গে দূরত্ব কমান ও অভ্যন্তরীণ কোন্দল নিরসন করুন। আপনারা যদি মনে করেন যে, ঢাকায় থেকেই দলীয় টিকিট পাবেন এবং বিজয়ী হবেন, তাহলে ভুল করবেন। নির্বাচন অংশগ্রহণমূলক ও কঠিন হবে। প্রায় একই বার্তা প্রতিদিন দিচ্ছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের এ নির্দেশনা মেনে তৃণমূল নেতাকর্মীদের কাছে যাচ্ছেন দলটির নেতারা।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, ঈদে এলাকার সব বয়সী ও শ্রেণি মানুষের সঙ্গে দেখা হয়। তাদের সঙ্গে কুশল বিনিময় করার সুযোগ ঘটে। সামনেই নির্বাচন। দলের অনেক নির্দেশনা রয়েছে। আমরা সেসব তৃণমূল নেতাকর্মীদের কাছে পৌঁছে দিতে চাই। বিশেষ করে দলকে ঐক্যবদ্ধ রাখার নির্দেশনা রয়েছে কঠোরভাবে।
খোঁজ নিয়ে জানা যায়, মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় নেতারা আগেভাগেই এলাকায় ছুটছেন। গতকাল সংসদে বাজেট পাসের পরই অনেক নেতা নির্বাচণী এলাকায় ছুটেছেন। ঈদের ছুটিতে নিজ এলাকায় নির্বাচনের মাঠ গোছাতে তৎপরতা থাকবে তাদের। প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণও করছেন অনেকে। আর ঈদের ছুটিতে এলাকার মানুষকে সরকারবিরোধী আন্দোলনের নামে সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতার বিষয়ে সচেতন করার পাশাপাশি নিজেদের পক্ষে সমর্থন আদায়ের প্রচেষ্টাও থাকবে তাদের। প্রবীণ নেতাদের তুলনায় এ প্রতিযোগিতায় এগিয়ে আছেন তরুণ নেতারা। ময়মনসিংহ-৮ আসনে (ঈশ্বরগঞ্জ) এবার আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী লায়ন লুৎফুল গণি টিটু। তিনি জানান, দলীয় সভাপতি আমাদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন। এবারের নির্বাচন কঠিন ও চ্যালেঞ্জের হবে। এজন্য তিনি জনগণের কাছে যেতে বলেছেন। নেত্রীর এ নির্দেশনা মেনে নিয়মিত নির্বাচনী এলাকায় যাচ্ছি। ঈদকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় যেতে চাই। তাদের সুখ-দুঃখের সঙ্গী হতে চাই। পাশাপাশি নির্বাচনী এলাকার তরুণদের সঙ্গে সময় কাটাতে চাই।
এদিকে আওয়ামী লীগের বেশ কয়েক সিনিয়র নেতা বলেন, নির্বাচনের আগে এটাই হচ্ছে সর্বশেষ ঈদ। তাই এবারের ঈদকে গণসংযোগের জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে করি। এই সরকারের আমলে প্রতিটি নির্বাচনী এলাকায় দারুণ উন্নয়নমূলক কাজ হয়েছে। তাই এলাকায় যেতে আমাদের কোনো ধরনের পিছুটান নেই। জনগণের কাছে বুক ফুলিয়ে নিজেদেরকে উপস্থাপন করতে পারবো। ভবিষ্যতে ভোটারদের চাহিদা অনুযায়ী নির্বাচনী এলাকায় আরও উন্নয়ন করতে চাই। এসব নিয়েই মূলত মতবিনিময় করতে চায় তৃণমূল নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে।
তৃণমূলে যাচ্ছেন বিএনপি নেতারা
বিশেষ বার্তা নিয়ে তৃণমূলে যাচ্ছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতারা। সরকারবিরোধী আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেয়াই তাদের মূল লক্ষ্য। এজন্য আগেভাগেই গ্রামে ছুটছেন নেতারা। দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। ইতিমধ্যে কেন্দ্রীয় নেতাদের অনেকেই নিজ নিজ এলাকায় দলীয় কার্যক্রম পরিচালনা করছেন। সরকারবিরোধী আন্দোলনকে শক্তিশালী করতে কেউ কেউ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতেও কাজ করছেন। এবারের ঈদে যেসব নেতারা ঢাকায় থাকবেন তারাও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত থাকবেন। বিএনপি নেতারা বলছেন, আগামী মাসেই সরকারবিরোধী আন্দোলনকে চূড়ান্ত রূপ দেয়ার কথা ভাবছেন তারা। এ লক্ষ্যে দলীয় হাইকমান্ডের নির্দেশে প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও অঙ্গ সংগঠন। ঈদের পরপরই নতুন কর্মসূচি ঘোষণার মধ্যদিয়ে আন্দোলন জোরদার করার পরিকল্পনাও করছেন দলটির শীর্ষ নেতারা। চূড়ান্ত আন্দোলনে যাওয়ার আগেই ঈদকালীন সময়টাকে কাজে লাগাতে চায় বিএনপি’র হাইকমান্ড। তার নির্দেশেই কেন্দ্রীয় নেতারা নিজ নিজ এলাকায় গিয়ে নেতাকর্মীদেরকে আন্দোলন প্রস্তুতির বার্তা দেবেন তারা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঈদের পর আমাদের আন্দোলন আরও জোরদার হবে। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করছে, তাদের সঙ্গে আলোচনা করেছি। আন্দোলনকে আরও বেগবান করতে চাই। এদিকে আজ নিজ এলাকা ঠাকুরগাঁও যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ কাটাবেন তিনি। ঈদের পরদিন ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশে গ্রামের বাড়িতে ঈদ করবেন। ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও বরকতউল্লাহ বুলু নোয়াখালীতে, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরে নিজ এলাকায় ঈদ করবেন। যুগ্ম মহাসচিবদের মধ্যে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল পরিবারসহ ইতিমধ্যে বরিশালে গেছেন। সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহে নিজ এলাকায়, আরেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ মুন্সীগঞ্জে, তাইফুল ইসলাম টিপু নাটোরে, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম চাঁদপুরে, ডা. আনোয়ারুল হক ও মোস্তাফা-ই জামান সেলিম নেত্রকোনায় ঈদ উদ্যাপন করবেন বলে জানা গেছে। এ ছাড়া বিএনপি’র মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন বরিশালে, সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী লক্ষ্মীপুরে, বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল খুলনায়, সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলে, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল নরসিংদী, নুরুল ইসলাম নয়ন ভোলায় যাচ্ছেন। ঝিনাইদহ যাচ্ছেন বিএনপি নেতা সাইফুল ইসলাম ফিরোজ, পঞ্চগড়ে যাচ্ছেন ফরহাদ হোসেন আজাদ, চট্টগ্রাম যাচ্ছেন মীর হেলাল, নারায়ণগঞ্জে নজরুল ইসলাম আযাদ, মাদারীপুরে আনিসুর রহমান খোকন, নোয়াখালীতে জয়নুল আবেদীন ফারুক।
বিএনপি’র দলীয় সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশানের বাসভবন ফিরোজায় ঈদুল আজহা উদ্যাপন করবেন। সেখানে তার সঙ্গে পরিবারের সদস্যরা দেখা করবেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে পরিবার ও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ঈদ উদ্যাপন করবেন। সেখানে খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী, দুই মেয়ে ঈদ পালন করবেন। দলের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন অসুস্থ থাকায় হাসপাতালেই ঈদ কাটাবেন। মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ঢাকায় ঈদ উদ্যাপন করবেন। আমীর খসরু মাহমুদ চৌধুরী লন্ডনে ঈদ উদ্যাপন করবেন।
সালাহউদ্দিন আহমেদ ভারতে এবং চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে বাইরে থাকা ইকবাল হাসান মাহমুদ টুকু দেশের বাইরেই ঈদ উদ্যাপন করবেন। এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, আবদুল আউয়াল মিন্টু, ডা. এজেডএম জাহিদ হোসেনসহ অনেকে ঢাকায় থাকবেন। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও ঢাকায় ঈদ করছেন। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ঢাকায় থাকছেন। হাবিব উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন পরিবার ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঢাকায় ঈদ পালন করবেন। ঢাকা মহানগর বিএনপি নেতা আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, আমিনুল হক ঢাকায় নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন। এ ছাড়া বিএনপি নেতা তাবিথ আউয়াল ও প্রকৌশলী ইশরাক হোসেন ঢাকায় ঈদ করবেন। বিএনপি’র শিক্ষা বিষয়ক সম্পাদক ও ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, মিডিয়া সেলের সদস্য অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান ঢাকায় থাকবেন। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি যারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তারা নিজ নিজ এলাকায় মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন। এ ছাড়া বিগত সময়ে যেসব নেতাকর্মী নির্যাতিত হয়েছেন, গুম-খুন হয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন কিংবা কারাগারে রয়েছেন সেসব পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করবেন তারা।
বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, তৃণমূলের নেতাকর্মীদের জন্য বার্তা নিয়ে বরিশালে এসেছি। এখানে ঈদ উদ্যাপনের পাশাপাশি দলের নেতাকর্মীদের সঙ্গে সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আমরা একটা আন্দোলনের মধ্যে আছি। এই আন্দোলনকে আরও শক্তিশালী করতে আমরা এলাকার মানুকে ঐক্যবদ্ধ করতে কাজ করবো। বর্তমান ক্ষমতাসীন সরকারকে বিদায় করতে হবে। তার বিদায় ঘণ্টা বেজে গেছে। এখনই আমাদেরকে এক দফা আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেন, ঈদের এই সময়ে এলাকার মানুষে সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবো। দেশে এখন চরম সংকট চলছে। এই সংকট সমাধানে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে আন্দোলনকেন্দ্রিক আলোচনা করবো। [মানবজমিন]