শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন




নির্বাচন সামনে বিনিয়োগকারীরা সংশয়-দ্বিধাগ্রস্ত: ডিএসই চেয়ারম্যান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ৭:৪৩ pm
Hafiz Md. Hasan Babu DSE CHAIRMAN ডিএসই চেয়ারম্যান হাফিজ মো. হাসান বাবু
file pic

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা সংশয় ও দ্বিধাগ্রস্থ, এমন ইঙ্গিত করে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেছেন, সামনে আমাদের ইলেকশন (জাতীয় নির্বাচন)। ইলেকশনের প্রেক্ষাপটে প্রতিটি দেশে মানুষের একটা চিন্তা থাকে। সামনে রাজনৈতিক একটা অবস্থান রয়েছে। হয় তো বিনিয়োগকারীদের মধ্যে একটা সংশয় থাকে, অনেকটা দ্বিধাগ্রস্থ থাকেন। তারপরও আমি বলবো বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট এখনো সুন্দর অবস্থানে আছে।

অর্থনীতিতে পুঁজিবাজারের চ্যালেঞ্জ এবং সম্ভবনা নিয়ে মঙ্গলবার (১১ জুলাই) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ডিএসই চেয়ারম্যান বলেন, সামনে ইলেকশন উদ্দেশ্য করে আমাদের ক্যাপিটাল মার্কেট যাতে পতনের দিকে না যায়, আমরা উত্থানটাকে সুন্দরভাবে ধরে রাখতে পারি সেই প্রেক্ষাপটে আমরা সবাই কাজ করছি।

এসময় তিনি দেশের পুঁজিবাজারে চারটি চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে-বাজারের গুণগত সম্প্রসারণ নিশ্চিত করা, পণ্য বৈচিত্র্য করা, বিনিয়োগকারী বৈচিত্র করা ও সুরক্ষা এবং রেগুলেটরি বিষয়।

বাজারের গুণগত সম্প্রসারণের বিষয়ে বাবু বলেন, ফাস্ট ট্র্যাক আইপিও প্রক্রিয়া কঠোর শর্ত সাপেক্ষে বাস্তবায়ন করতে হবে। ইনস্টিটিউশনাল মার্কেট/প্রফেশনাল মার্কেট অ্যান্ড রিটেল মার্কেট আলাদা করতে হবে। বিদেশি এবং মানসম্পন্ন সরকারি কোম্পানি তালিকাভুক্তির ওপর বিশেষ জোর দিতে হবে। সেই সঙ্গে বিদেশে যে ধরনে রোড-শো করা হয়েছে, স্থানীয় পর্যায়েও সেই ধরনের রোড-শো করতে হবে।

বিনিয়োগকারী বৈচিত্র করা ও সুরক্ষার বিষয়ে তিনি বলেন, বিনিয়োগকারীদের সচেতনতা কার্যক্রম ত্বরান্বিত করতে হবে। বিনিয়োগকারীদের সুরক্ষা বিমা পলিসি প্রবর্তন করতে হবে এবং প্রাতিষ্ঠানিক সুশাসন নির্দেশিকা কঠোরভাবে নিশ্চিত কর তবে হবে।

রেগুলেটরি বিষয়ে ডিএসইর চেয়ারম্যান বলেন, তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির মধ্যে একটি উল্লেখযোগ্য ট্যাক্স ব্যবধান রাখতে হবে। মার্কেট মেকার প্রবর্তন করতে হবে। বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনতে বিদ্যমান আইন সংশোধন করা যেতে পারে এবং তাদের পুঁজিবাজারে আসতে উৎসাহিত করা যেতে পারে।

ইআরএফের সভাপতি রেফায়েত উল্লাহ মীরধার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কাশেম’র সঞ্চলনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ইআরএফের সদস্য মুহাম্মদ মোফাজ্জল। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

এতে আরও বক্তব্য দেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ও মিউচুয়াল ফান্ড অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান ইমাম।

বিএসইসির চেয়ারম্যান বলেন, খুব শিগগির একটু শক্ত অবস্থান দেখতে পেলে তখন আমরা যদি বুঝি মানুষের পুঁজির নিরাপত্তা বা অনুভব করি বিপদে পড়বে না, সঙ্গে সঙ্গে আমরা ফ্লোর প্রাইস তুলে দেবো। খুব তাড়াতাড়ি ফ্লোর প্রাইস তুলে দেওয়ার চেষ্টা আমাদের মধ্যে আছে।

তিনি বলেন, তিন বছরে একটা মুহূর্তও স্বাভাবিক সময় পাইনি, সব সময় প্রবলেম (সমস্যা)। আগামী ছয়মাস পর নির্বাচন। তিন বছর করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, সামনের ছয়মাস নির্বাচন। বাজারে স্বাভাবিক অবস্থায় ব্যবসা-বাণিজ্যে করার সুযোগ তৈরি করবো, সেই সুযোগও পাচ্ছি না। এ রকম একটা মুহূর্তে আমরা যে মর্কেট ধরে রেখেছি, রাখার চেষ্টা করছি, এটা খুব কঠিন কাজ। এত স্টেকহোল্ডার, এত রকমের মানুষ, বিনিয়োগকারী, এত রকমের সমস্যা ব্যালান্স করা বাস্তবতার নিরিখে সত্যিই কঠিন। তারপরও আমরা সবাই চেষ্টা করছি।

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল বলেন, বিশ্ব পুঁজিবাজারে ব্লুচিপ ইনডেক্স থাকে। সেখানে ভালো ভালো কোম্পানি রয়েছে। এগুলো দেখে বাজারের অবস্থা বোঝা যায়। আমাদের এখানে ব্লুচিপ কোম্পানিগুলো ফ্লোর আটকে রয়েছে। এটা খুবই হতাশার।

তিনি বলেন, দেশে এখন যে অলস টাকা রয়েছে সেটা পুঁজিবাজারে আসা দরকার। এর জন্য উদ্যোগ নিতে হবে। বিনিয়োগকারীরা যদি বিনিয়োগের নিশ্চয়তা পায় তাহলে শেয়ারবাজারে নতুন নতুন বিনিয়োগকারী আসবে।

অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ও মিউচুয়াল ফান্ড অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান ইমাম বলেন, শেয়ারবাজারে লম্বা সময় উত্থান হলে পতন হবে, এটা স্বাভাবিক। এখন শেয়ার বিক্রি করার সময় না। যারা শেয়ার ধরে রাখবেন, তারা লাভবান হবেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD