বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন




দানকর: ইউনূসের আপিল আবেদনের শুনানি পিছিয়ে ২৩ জুলাই

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ জুলাই, ২০২৩ ৫:০১ pm
Muhammad Yunus Bangladeshi social entrepreneur banker economist civil society leader awarded Nobel Peace Prize founding Grameen Bank microcredit microfinance মুহাম্মদ ইউনূস অধ্যাপক বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার অর্থনীতিবিদ ক্ষুদ্রঋণ প্রবর্তক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা
file pic

দানকর নিয়ে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের আপিলের শুনানির তারিখ পিছিয়ে ২৩ জুলাই নির্ধারণ করা হয়েছে।

সোমবার ইউনূসের পক্ষে সময় আবেদনের পর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেয়।

আদালতে ইউনূসের পক্ষে সময় আবেদন করেন তার আইনজীবী তৌফিক হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

দানকর নিয়ে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের জন্য মুহাম্মদ ইউনূস গত ২১ জুন হাই কোর্টের রায়ের বিরুদ্ধে ‘লিভ টু আপিল’ করেছিলেন।

আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম গত ৯ জুলাই বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে শুনানির ১৭ জুলাই দিন ঠিক করেছিলেন।

২০১১-১২ অর্থবছরে মুহম্মদ ইউনূস ট্রাস্ট, ইউনূস ফ্যামিলি ট্রাস্ট ও ইউনূস সেন্টারে ৬১ কোটি ৫৭ লাখ ৬৯ হাজার টাকা দান করেন নোবেলজয়ী ইউনূস।

ওই দানের বিপরীতে ১৯৯০ সালের দানকর আইন অনুযায়ী প্রায় ১২ কোটি ২৮ লাখ ৭৪ হাজার টাকা কর দাবি করে ইউনূসকে নোটিস পাঠায় এনবিআর।

২০১২-১৩ অর্থবছরে মুহম্মদ ইউনূস ট্রাস্টে তিনি দান করেন ৮ লাখ ১৫ হাজার টাকা। এরপর ২০১৩-১৪ অর্থবছরে মুহম্মদ ইউনূস ট্রাস্ট ও ইউনূস ফ্যামিলি ট্রাস্টে ৭ কোটি ৬৫ লাখ টাকা দান করেন তিনি।

ওই দুই দানের বিপরীতে প্রায় এক কোটি ৬০ লাখ টাকা এবং এক কোটি ৫০ লাখ টাকা দানকর চেয়ে আরও দুটি নোটিস দেওয়া হয় তাকে।

এনবিআরের সেসব নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে কর আপিল ট্রাইব্যুনালে মামলা করেন ইউনূস। তার দাবি ছিল, নিজের মৃত্যুচিন্তা এবং পরিবারের কল্যাণ কামনায় দানকর আইন অনুযায়ী তিনি ওই অর্থ দান করেছেন। সুতরাং এনবিআর ওই দানের জন্য কর দাবি করতে পারে না।

শুনানি শেষে ২০১৪ সালে করা আপিল ট্রাইব্যুনাল ইউনূসের মামলা খারিজ করে এনবিআরের পক্ষে রায় দেয়। পরের বছর হাই কোর্টে তিনটি আয়কর রেফারেন্স মামলা করেন ইউনূস।

এ বিষয়ে শুনানি করে গত ৩১ মে ইউনূসের তিনটি আয়কর রেফারেন্স মামলা খারিজ করে দেয় বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাই কোর্ট বেঞ্চ।

ফলে দানের বিপরীতে ১৫ কোটি টাকা কর চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের পাঠানো ওই নোটিসগুলো বৈধতা পায়।

আপিল ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাই কোর্টে এই আবেদন করার সময় নিয়ম অনুযায়ী নির্ধারিত করের ১০ শতাংশ হারে ৩ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৪৪৮ টাকা জমা দিতে হয়েছিল ইউনূসকে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD